
পাম অ্যাভিনিউয়ের সেই ফ্ল্যাট ও বুদ্ধদেব ভট্টাচার্য।
শেষ আপডেট: 8 August 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: তখন ভরা বাম জমানা!, জেলায় জেলায় বামেদের অনেক নেতা, কর্মীরই আঙুল ফুলে কলাগাছ হওয়ার অবস্থা! অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে থাকেন কি না দু'কামরার ছোট্ট ফ্ল্যাটে! বিষয়টি নিয়ে বামেদের অন্দরেও আপত্তি ছিল অনেকেরই।
এমনকী বামফ্রন্ট সরকারের তৎকালীন আবাসনমন্ত্রী গৌতম দেবের প্রস্তাবও নাকি শোনামাত্রই নাকচ করে দিয়েছিলেন বুদ্ধবাবু। দলীয় সূত্রের খবর, পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাট ছেড়ে গড়িয়াহাটে আবাসন দফতরের বড় বাড়িতে বুদ্ধবাবুকে উঠে আসতে বলেছিলেন গৌতম। শোনামাত্রই নাকচ তো করেইছিলেন, ভবিষ্যতে আর কখনও এমন আবদার যেন না করা হয়, সেকথাও জানিয়ে দিয়েছিলেন বেশ কড়া সুরেই।
কেন? পাম অ্য়াভিনিউয়ের মলিন আবাসনের প্রতি কীসের এত টান বুদ্ধদেব ভট্টাচার্যর? ওই বাড়ি ছাড়ার কথা বললে কেন রেগে যান তিনি? জনমানসে তো বটেই, পার্টি কর্মী, সমর্থকদের মধ্যেও এ নিয়ে কৌতূহলের শেষ ছিল না। সাংবাদিকরাও একাধিকবার এবিষয়ে বুদ্ধবাবুকে জিজ্ঞেস করেছিলেন।
যার জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, "ওই ঘরে থাকাটাও আমার একটা স্বাধীনতা!" কী রকম সেই 'স্বাধীনতা', ব্যাখ্যা দিতে গিয়ে বুদ্ধবাবু টেনে এনেছিলেন নিজের ছাত্র জীবনের প্রসঙ্গ। রাশভারী কণ্ঠে বলেছিলেন, 'কলেজে যে ধরনের পোশাক পরতাম, যা খেতাম, যে ভাবে আড্ডা দিতাম, এখনও তাই করি। এটাই আমার সামাজিক স্তর। বড় কোনও সাজানো গোছানো ঘরে গেলে আমার একটা অস্বস্তি হবে। আমার বই, আমার টেবিল.. ছেড়ে আসতে পারব না। অসুবিধা হবে আমার।'
স্বভাবতই, কৌতূহল জাগে কী রয়েছে পাম অ্যাভিনিউয়ের ওই ছোট্ট ঘরে! বুদ্ধবাবুর দু'কামরা ফ্ল্যাটের একটা অংশ জুড়ে শুধুই বই আর বই। রয়েছে চে গেভারা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও। প্রসঙ্গত নিজের এই সিদ্ধান্তে স্ত্রী মীরাদেবী এবং ছেলে সুচেতনকেও বরাবরই পাশে পেয়েছেন বুদ্ধবাবু। তিনি যে স্বাধীনতাপ্রেমী, একথাও বিভিন্ন সাক্ষাৎকারে অকপটে জানিয়েছেন বুদ্ধবাবু।
প্রসঙ্গত, বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের সরকারি আবাসনের ফ্ল্যাটের বাথরুমের দেওয়াল ফাটিয়ে একবার
একটি বটগাছের শিকড় ঢুকে পড়েছিল। কাজ পাগল বুদ্ধবাবুর অবশ্য সেদিকে নজর ছিল না। বিষয়টি জানতে পারা মাত্রই কলকাতার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের তা সংস্কারের ব্যবস্থা করেছিলেন। ২০১৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে ওই আবাসনের সংস্কার করান। তখনও দু'কামরার ফ্ল্যাট ছেড়ে অন্যত্র যাননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, ৮ অগস্ট নিজের সেই প্রিয় ছোট্ট দু'কামরার ফ্ল্যাট থেকেই মর--পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।