
শেষ আপডেট: 17 August 2023 06:15
দ্য ওয়াল ব্যুরো: আবারও বেহালায় দুর্ঘটনা। দিন কয়েক আগেই ৭ বছরের সৌরনীল সরকারের মৃত্যুর ঘটনা ঘটেছিল এই বেহালায়। এদিন ঠাকুরপুকুরে (Thakurpukur Accident) উল্টে গেল স্কুল পড়ুয়া ভর্তি পুলকার। বৃহস্পতিবারের এই ঘটনায় গুরুতর জখম হয়েছে দুই পড়ুয়া (2 Students Injured)।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে চারজন বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল পুলকারটি। ঠাকুরপুকুরের কাছে জেমস লং সরণিতে রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে উল্টে যায় পুলকারটি। দুর্ঘটনার জেরে গাড়ির কাচ ভেঙে যায়। চারজন পড়ুয়ার মধ্যে দু'জন গুরুতর আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বাড়ির লোকেরা এসে আহত পড়ুয়াদের বাড়ি নিয়ে যান। পুলিশ এসে ক্রেন দিয়ে পুলকারটি সরিয়ে নিয়ে যায়। সেই সঙ্গে পুলকারের চালককে গ্রেফতারও করে পুলিশ। গাড়িটিও আটক করা হয়েছে। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, গত ৪ অগস্ট এই বেহালা চৌরাস্তার কাছে বড়িশা হাইস্কুলের সামনে একটি পণ্যবাহী ট্রাক পিষে দিয়ে যায় সৌরনীল নামে এক স্কুল পড়ুয়াকে। বাবার সঙ্গে রাস্তা পারাপার করার সময় দুর্ঘটনার কবলে পড়ে শিশুটি। বৃহস্পতিবারের ঘটনা ফের একবার সৌরনীলের মৃত্যুর ঘটনা উস্কে দিল।
আরও পড়ুন: পাথুরিয়াঘাটায় ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ি, চাপা পড়ে মৃত্যু এক মহিলার