দ্য ওয়াল ব্যুরো: কিশোরেরা নিরাপদে বেরিয়ে এসেছে গুহা থেকে, কিন্তু আটকে রয়েছেন উদ্ধারকারীরা! এরকমই ঘটেছিল মঙ্গলবার।
থাইল্যান্ডের থাম লুয়াং গুহার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে স্বস্তির শ্বাস ফেলেছিল সারা বিশ্ব। কিন্তু কেউই জানতেন না, সেই স্বস্তির বদলে নতুন উদ্বেগ চারিয়ে গিয়েছিল তখনই। আর তা আরও ভয়ঙ্কর! থাইল্যান্ড নৌবাহিনী সূত্রের খবর, খুদে ফুটবলার আর কোচকে বার করা গেলেও, ভিতরে আটকে ছিলেন ২০ জন উদ্ধারকারী!
কম্যান্ডার চাইয়ানন্ত পিরানারং জানিয়েছেন, মঙ্গলবার উদ্ধারকাজ শেষ হলে সবার শেষে গুহা থেকে তাঁরই বেরোনোর কথা ছিল উদ্ধারকাজ শেষ হওয়ার পরে। এমনই পরিকল্পনা ছিল আগে থেকে। কিন্তু শেষের দিকে পাম্প বন্ধ হয়ে যায়। ফলে ভিতরে জল বেড়ে যায় আবার। তাতেই আটকে পড়েন ২০ জন উদ্ধারকারী।
৬০ বছর বয়সি ওই অভিজ্ঞ কম্যান্ডারের কথায়, “পাম্প বন্ধ হলে, অক্সিজেন লাগিয়ে ডুবসাঁতার কেটে আসা ছাড়া আর কোনও উপায় নেই। কিন্তু জল যেহেতু অনেকটা কমে গিয়েছিল, উদ্ধারপর্বও শেষ হয়ে গিয়েছিল, তাই ওই উদ্ধারকারীদের কাছে ডাইভিংয়ের সব সরঞ্জাম ছিল না। অক্সিজেনও ছিল না।”
উদ্ধার শেষ হয়ে গিয়েছে এবং জলও আর নেই ভেবে বার করে দেওযা হয়েছিল সব ভারী জিনিসপত্র। কিন্তু দুঃস্বপ্নেও ভাবা যায়নি, আচমকা খারাপ হয়ে যাবে পাম্প, বেড়ে যাবে জল। “শেষ জন যখন কোনও রকমে বেরিয়ে এল, তখন ওর মাথা পর্যন্ত জল ছুঁয়ে গিয়েছে। সব ভালয় ভালয় মিটেছে, এটাই স্বস্তির।”—বলেন কম্যান্ডার চাইয়ানন্ত পিরানারং।
উদ্ধারকাজের শুরুর দিকেই মারা যান উদ্ধারকারী দলের এক সদস্য, থাই নৌসেনা সামান কুনান। তখনই আঁচ করা গিয়েছিল, কতটা কঠিন লড়াই করছেন তাঁরা এই উদ্ধার অভিযানে। আজ বাকিদের আটকে থাকার ঘটনা সামনে আসার পরে আরও এক বার স্পষ্ট হল অভিযানের দুরূহ চেহারা।