
শেষ আপডেট: 24 December 2023 07:43
দ্য ওয়াল ব্যুরো: একবছর পর আবারও একটি টেট পরীক্ষা হতে চলেছে পশ্চিমবঙ্গে। গতবছর ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট হয়েছিল। আজ, রবিবার ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও একটি টেট পরীক্ষার আয়োজন করেছে। পরীক্ষা তো হচ্ছে, কিন্তু চাকরির কী হবে? টেটে বসার আগেও এই প্রশ্ন ঘোরাফেরা করছে পরীক্ষার্থীদের মনের মধ্যে।
মনে করা হচ্ছে, এরই প্রভাব পড়েছে পরীক্ষার আবেদনেও। পর্ষদ সূত্রে খবর, গতবারের তুলনায় এবছর অর্ধেক আবেদনপত্র জমা পড়েছে। যেখানে গতবারের টেটের নিয়োগ এখনও হয়নি, সেখানে এবারের টেটে নিয়োগ হবে, এমন নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। ফলত এ রাজ্যের বেকার যুব-যুবতীরা ক্রমশই যে টেটে আস্থা হারাচ্ছেন, তা একপ্রকার পরিষ্কার।
উল্লেখ্য, এবছর ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন পরীক্ষার্থী টেটে বসছেন। তাঁদের মধ্যে কলকাতায় পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ২,২০০ জন। এই রাজ্যে সমতল এলাকায় সবচেয়ে কম পরীক্ষার্থী শহরেই। এছাড়াও গোটা রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ৭৭৩টি। তারমধ্যে কলকাতায় পরীক্ষা হবে পাঁচটি কেন্দ্রে। ২০২২ সালের মতো ২০২৩-এর টেটও নির্বিঘ্নে করাই চ্যালেঞ্জ পর্ষদের কাছে।
রবিবার পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে। চলবে আড়াই ঘণ্টা। পরীক্ষা শেষ হবে বেলা ২:৩০টে নাগাদ। মোট ২২টি জেলায় হবে টেট পরীক্ষা। এর জন্য পৃথক হেল্পলাইন নম্বর থাকছে। এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে থাকছে হাইটেক কন্ট্রোল রুম। সেখান থেকে চলবে কড়া নজরদারি। এখন সবথেকে বড় প্রশ্ন, ২০২৩-এর টেট কি নিয়োগের মুখ দেখতে পাবে!
আগামিকাল, সোমবার বড়দিন। তার আগে রবিবারও কলকাতা-সহ গোটা রাজ্যের কাছে বেশ বড়দিন। কারণ, এদিন একদিকে যেমন টেট পরীক্ষা, তেমনই রবিবার ময়দানে আয়োজন করা হয়েছে লক্ষ কণ্ঠে গীতাপাঠ। অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের সেই কর্মসূচি কতটা সফল হবে, তা নিয়ে সংশয় থাকলেও টেটের মতো বড় ‘ইভেন্ট’ নির্বিঘ্নে মেটাতে মরিয়া পর্ষদ।