
শেষ আপডেট: 19 November 2022 06:35
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনা (accident) ঘটল উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলিতে। পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় উল্টে খাদে পড়ে গেল পর্যটক বোঝাই একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু (death) হয়েছে মোট ১২ জনের। গুরুতর আহত হয়েছেন তিনজন। জানা গেছে, ওই পর্যটকরা চারধাম দর্শন (Chardham Yatra) করতে যাচ্ছিলেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরেই জোশীমঠ থেকে বেরিয়েছিল গাড়িটি। ১৭ জন যাত্রী ছিলেন সেই টাটা সুমো গাড়িতে। জানা গেছে, পাল্লা জাখোল গ্রামের উদ্দেশে যাওয়ার পথেই হঠাৎ বিকেল চারটে নাগাদ উরগাম এলাকায় পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় সেই গাড়িটি। ছাদে বসা দুই যাত্রী কোনওমতে লাফ মেরে প্রাণে বেঁচে যান।
জানা গেছে, ১০ সিটের টাটা সুমোতে গাদাগাদি করে ১৫ জন বসেছিলেন। আবার গাড়ির ছাদেও ছিলেন দু'জন। ফলে সুমোটি ওভারলোড হয়ে গিয়েছিল। মনে করা হচ্ছে, এই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খাদের ভিতর প্রায় ৩০০ মিটার নীচে গড়িয়ে পড়ে গিয়েছিল ওই গাড়িটি। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। এরপর রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন এসে উদ্ধারকাজে হাত লাগায়।
গতকাল উদ্ধারকাজ চালানোর পর ১২টি মৃতদেহ উদ্ধার হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন তিনজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সেই তিন পুণ্যার্থী। এই দুর্ঘটনা নিয়ে গভীর শোকপ্রকাশ করেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। একইসঙ্গে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
তিহার জেলে এত আরাম! রীতিমতো ম্যাসাজ করা হচ্ছে দিল্লির মন্ত্রীকে, দেখুন ভিডিও