
শেষ আপডেট: 17 January 2023 05:08
দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার শাসক দল টিআরএস (TRS) এখন বিআরএস (BRS) । নেতা যদিও কেসিআরই (KCR)।
গত বছরের শেষের দিকে নিজের তৈরি তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নাম বদলে ভারত রাষ্ট্র সমিতি করে নিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। আগামীকাল, অর্থাৎ বুধবার দিল্লিতে জনসভা করে আনুষ্ঠানিকভাবে দেশবাসীর কাছে নতুন দলের কথা ঘোষণা করবেন তিনি। আর এই সুবাদে নিজের মঞ্চে বিজেপি বিরোধী দলগুলিকে হাজির করতে উদ্যোগী হয়েছেন দক্ষিণের এই নেতা।
রাজনৈতিক মহলের জল্পনা, রাজধানীতে দলের প্রথম সভা আয়োজনের মধ্য দিয়ে কেসিআর আগামী লোকসভা ভোটের আগে নিজেকে নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে তুলে ধরার চেষ্টায় নেমেছেন। এক বছর আগে থেকে এ জন্য ময়দানে নেমেছেন তিনি। রাজ্য সরকারের বিমানের তেল পুড়িয়ে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে সভা করেছেন বিজেপি বিরোধী নেতাদের সঙ্গে। সেই আলোচনার সূত্র ধরেই নিজের দলকে সর্বভারতীয় করে তুলতে নাম বদলে ভারত রাষ্ট্র সমিতি করে নিয়েছেন।
এখনও পর্যন্ত জানা গেছে, কেসিআরের ডাকে সাড়া দিয়ে আগামীকাল দিল্লির মঞ্চে হাজির থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের মুখ্যমন্ত্রী সিপিএমের পলিটব্যুরোর নেতা পিনারাই বিজয়ন, সিপিআই নেতা ডি রাজা, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি কুমারস্বামী প্রমুখ।
তেলেঙ্গানায় খাতায় কলমে প্রধান বিরোধী দল কংগ্রেসকে স্বভাবতই আগামীকালের সভায় ডাকেননি কেসিআর। আমন্ত্রণ পেলেও যেত না কংগ্রেস। তারা মনে করে, কেসিআর আসলে বিজেপির হয়েই খেলছেন। কংগ্রেসের নেতৃত্বে কোনও বিরোধী জোট যাতে মাথা না তোলে তাই নিজেকে নিজেই মোদীর বিকল্প ঘোষণা করতে উঠেপড়ে লেগেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেসিআরের আমন্ত্রণ পৌঁছেছে কিনা জানা যায়নি। তবে তৃণমূল নেত্রীর সঙ্গে দক্ষিণের এই নেতার সম্পর্কের রসায়ন ভাল নয়। বাম দলগুলির কেসিআরের ডাকে সাড়া দেওয়ার কারণ তেলেঙ্গানায় সিপিএম এবং সিপিআইয়ের শক্তি রয়েছে। বিজেপি বিরোধী সভা হওয়াতে দুই দলেরই শীর্ষ নেতৃত্ব কালকের সভায় থাকবেন বলে খবর।
পুরীর জগন্নাথ মন্দিরে তাণ্ডব করছে ইঁদুর বাহিনী, বিগ্রহের পোশাক কাটছে, ফুল-প্রসাদ খেয়ে নিচ্ছে