দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিন বুক ফুলিয়ে 'বেস্ট কনস্টেবল' পুরষ্কার নিয়েছিলেন। তার ২৪ ঘণ্টাও কাটেনি। ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন তেলঙ্গানা পুলিশের কনস্টেবল পাল্লে তিরুপতি রেড্ডি।
হায়দরাবাদের মেহবুবনগরের আই টাউনে পোস্টেট তিরুপতি। সৎ ও পরিশ্রমী পুলিশ কনস্টেবল হিসেবে তাঁর পরিচিতি ছিল। তিরুপতির এ হেন কর্মকাণ্ডে অবাক তাঁর সহকর্মীরাও।
তেলঙ্গানা পুলিশ সূত্রে খবর, স্বাধীনতা দিবসের দিন রাজ্যের আবগারি মন্ত্রী ভি শ্রীনিবাস গৌড়ের হাত থেকে সেরা কনস্টেবলের পুরষ্কার নিয়েছিলেন তিরুপতি। তাঁর পিঠ চাপড়ে প্রশংসা করেছিলেন রাজ্য পুলিশ সুপার রেমা রাজেশ্বরী। ঠিক তার পরদিনই ১৭ হাজার টাকা সমেত তিরুপতিকে গ্রেফতার করে অ্যান্টি-কোরাপশন ব্যুরো (এসিবি)। অফিসাররা জানান, রমেশ নামে এক ব্যক্তির থেকে জোর জবরদস্তি ওই টাকা নিচ্ছিলেন তিনি।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। রমেশকে জেরা করে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা ভাবে তাঁকে ব্ল্যাকমেল করছিলেন তিরুপতি। কয়েক লক্ষ টাকা দাবি করেছিলেন তাঁর কাছে। শুধু তিনি নন, আরও অনেকেই তাঁর ব্ল্যাকমেলের শিকার। তিরুপতির বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কিছুদিন আগেই রাজস্ব বিভাগের এখ কর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ লক্ষ টাকা ও ৪০০ গ্রাম সোনা উদ্ধার করেছিলেন এসিবি-র অফিসাররা। তিনিও বছর দুই আগে রাজ্যের 'সেরা তেহসিলদার'-এর পুরস্কার পেয়েছিলেন।