দ্য ওয়াল ব্যুরো: চার-চারটি স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা আনতে পারে শাওমি! শোনা যাচ্ছে, এই জোরদার ক্যামেরাই ইদানীং পাখির করেছেন শায়মির প্রযুক্তিবিদেরা। কারণ মোবাইল-গ্রাহকদের অন্যতম চাহিদা এখন ভাল ক্যামেরার স্মার্টফোন। সকলেই চান ২৪ ঘণ্টার সঙ্গী এই ফোনেই যেন ইচ্ছেমতো ধরে রাখতে পারেন বিশেষ মুহূর্ত। আর সেই মুহূর্ত যত নিখুঁত ও উজ্জ্বল হয়, ততই ভাল।
তাই বলে ফোনের ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল! সূত্রের খবর, নকিয়া কিছু দিন আগে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরাওয়ালা স্মার্টফোন নকিয়া-৮০৮ বাজারে লঞ্চ করে। তার পর থেকেই অন্যান্য সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কত ভাল ক্যামেরার ফোন আনতে পারে। সেই প্রতিযোগিতায় এগিয়ে গিয়ে, কিছু দিন আগেই ৪৮ মেগাপিক্সেলের ফোন নিয়ে আসে শাওমি-ই। কে-২০ এবং নোট-৭ ফোনগুলি বেশ ভাল চলেও।
কিন্তু তাতেও থামতে চায় না শাওমি। নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন তৈরির জন্য উঠে পড়ে লেগেছে তারা।
তবে এই ১০৮-এর আগে অবশ্য আরও একটি চমক আনবে সেই শাওমি-ই। তাদের রেডমি নোট ৮ প্রো কয়েক দিনের মধ্যেই বাজারে এসে যাবে, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা-সহ। পাশাপাশি রিলমি এক্সটি ফোনও আসছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে।
এ সব পার করে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়েই কাজ করছে শাওমি। অনেকেই বলছেন, এবার হয়তো ক্যামেরার বাজার মার খাবে। এত জোরালো ক্যামেরা যদি ফোনেই পাওয়া যায়, তা হলে আলাদা করে ক্যামেরা কিনবেন না অনেকেই। সব ঠিক থাকলে, সেই দিন আর খুব বেশি দূরে নয় বলেই মনে করছেন টেক-বিশেষজ্ঞরা।