
শেষ আপডেট: 22 December 2023 22:37
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক-শিক্ষিকাদের হাজিরাতে এবার আরও কড়া মধ্যশিক্ষা পর্ষদ।
এখন থেকে আরও দশ মিনিট আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। শুক্রবার নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে না ঢুকলে পড়বে লাল কালির দাগ।
পর্ষদের দাবি, স্কুলগুলিকে আরও বেশি করে সময়ানুবর্তিতায় বাঁধতে এই পদক্ষেপ।
শুক্রবার নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হতো সকাল ১০:৫০ মিনিটের মধ্যে। নতুন শিক্ষাবর্ষে সেই সময় আরও ১০ মিনিট এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ ১০:৪০ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে। না হলে হাজিরা খাতায় পড়বে লাল কালির দাগ।
একই সঙ্গে পর্ষদের তরফে জানানো হয়েছে, কোনও শিক্ষক বা শিক্ষিকা এগারোটা পনেরো মিনিটের পর স্কুলে এলে সংশ্লিষ্ট দিনটিকে তাঁর ছুটি হিসেবে গণ্য করা হবে।
শুধু তাই নয় এখন থেকে সারা সপ্তাহে শিক্ষক-শিক্ষিকাদের জন্য ক্লাসের যে রুটিন তৈরি করা হবে তা পাঠাতে হবে পর্ষদকেও।
সপ্তাহে কে, কতক্ষণ, ক'টা ক্লাস নিচ্ছেন ডায়েরিতে সেটাও লিখে রাখতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। বিষয়টি প্রধান শিক্ষকও নজরে রাখবেন।
পর্ষদের তরফে নির্দেশিকায় আরও বলা হয়েছে, এখন থেকে আগাম না জানিয়ে ছুটি নিতে পারবেন না।