
শেষ আপডেট: 20 December 2023 15:18
দ্য ওয়াল ব্যুরো: শীতের সকাল। ঘুম চোখে স্ত্রী'র কাছে এক কাপ চা খেতে চেয়েছিলেন স্বামী। এদিকে সংসারের হাজারও কাজ। চা দিতে ১০ মিনিট দেরি হওয়ায় রাগে ঘরে থাকা তলোয়ার দিয়ে স্ত্রী'র গলা কাটার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
রাজধানী দিল্লির কাছে গাজিয়াবাদের ভোজপুর গ্রামের ঘটনা। ঘটনার প্রত্যক্ষদর্শী ওই দম্পতির বড় ছেলে। সেই পুলিশকে ফোন করে ঘটনাটি জানায়। পুলিশের কাছে সে আরও জানায়, চা খাওয়া নিয়ে প্রায়দিনই বাবা-মায়ের মধ্যে অশান্তি হত। তবে এভাবে চা না পেয়ে বাবা যে মাকে খুন করে দেবে, তা সে কল্পনাও করেনি বলে পুলিশকে জানিয়েছে।
খবর পেয়ে পুলিশ ওই বধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম ধরমবীর সিং। স্ত্রী সুন্দরীকে হত্যার অভিযোগে ধরমবীরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা যায়, এদিন সকালে ঘুম চোখে স্ত্রী'র কাছে চা খেতে চেয়েছিলেন ধরমবীর। সেই সময় বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন স্ত্রী সুন্দরী। ফলে চা দিতে দেরি হয়। ফের চা চান ধরমবীর। সব মিলিয়ে ১০ মিনিটেও চা না পেয়ে ঘরে থাকা তলোয়ার দিয়ে স্ত্রী'র গলা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ধরমবীরের বিরুদ্ধে।