
শেষ আপডেট: 30 April 2022 06:30
দ্য ওয়াল ব্যুরো: করোনার কারণে একটা সময় দেখা গিয়েছিল, কম বেশি সব সংস্থাই কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছিল। খরচ কমাতে ও লোকসান রুখতে এই পদক্ষেপ নিয়েছিল কোম্পানিগুলো। তথ্য প্রযুক্তি সেক্টরে নিয়োগ (Hire) প্রক্রিয়া থেমে নেই। মূলত টিসিএস (TCS) ও ইনফোসিস (Infosys) চলতি অর্থবছরে ৯০ হাজারেরও বেশি কর্মী নিয়োগের কথা ভাবছে।
ভারতের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা টিসিএস (TCS) চলতি বছরে ৪০ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, আরেকটি আইটি প্রধান সংস্থা ইনফোসিস (Infosys) চাইছে ৫০ হাজারের বেশি কর্মী নিয়োগ করতে।
এক নজরে দেখে নেওয়া যাক এই দুই কোম্পানির থেকে কর্মী ছাড়ার প্রবণতার (Attrition Rate) চিত্রটা কেমন ছিল? দেখা যাচ্ছে, গত আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ ২০২২-এ ইনফোসিসের কর্মী ছাড়ার প্রবণতা ২৭.৭ শতাংশ। যা আগের ত্রৈমাসিকের থেকে প্রায় ২ শতাংশ বেশি। সেখানে দাঁড়িয়ে টিসিএসের এই প্রবণতা গত ত্রৈমাসিকে ছিল ১৭.৪ শতাংশ।
টিসিএস এবং ইনফোসিস ২০২১-২২ অর্থবর্ষে মোট ৬১ হাজার ছেলেমেয়েকে ক্যাম্পাস থেকে নিয়োগ করেছে। যা চলতি অর্থবছরে আরও বাড়বে বলে আশাবাদী দুই সংস্থাই। ইনফোসিস জানাচ্ছে যে চলতি অর্থবছরে আরও ৫০ হাজার জনেরও বেশি ফ্রেশারকে চাকরি দেওয়ার কথা ভাবছে তারা। ইনফোসিসের প্রধান আর্থিক কর্মকর্তা নীলাঞ্জন রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বছরে, তাঁরা ভারত জুড়ে এবং বিশ্বব্যাপী ৮৫ হাজার ফ্রেশার নিয়োগ করেছেন। এবছর এখন পর্যন্ত কমপক্ষে ৫০ হাজারের উপরে নিয়োগের পরিকল্পনা করা হয়েছে এবং এটি কীভাবে কার্যকর হয় তা দেখা হচ্ছে।
টিসিএস জানাচ্ছে, এই নিয়োগের প্রবণতা গত অর্থবছরের মতোই হবে। টিসিএসের চিফ অপারেটিং অফিসার এনজি সুব্রামনিয়াম বলেছেন, টিসিএস ৪০ হাজার নিয়োগের লক্ষ্য নিয়ে চলতি অর্থবছর শুরু করছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়বে।
শুধু নিয়োগ নয়, বাড়ি থেকে কাজ করার বিষয়টিও নজরে রাখছে দুই তথ্য প্রযুক্তি সংস্থা। কারণ 'বাড়ি থেকে কাজ' করার ফলে কাজের পরিমাণ বেড়েছে বলে মত সংস্থাগুলির। তাই এই মডেলটি আগামীতেও বজায় রাখার কথা ভাবা হচ্ছে।
জ্বালাপোড়া গরমে স্বস্তির খবর, আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা