
শেষ আপডেট: 24 March 2023 12:34
দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ বছর ধরে চলছিল চোর-পুলিশ খেলা। পুলিশের চোখে ধুলো দিয়ে রূপ পাল্টে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল আসামি। কিন্তু শেষরক্ষা হল না। হাতের ট্যাটুই (tattoo) ধরিয়ে দিল তাকে। দেড় দশক পর ট্যাটুর সূত্র ধরেই ৬৩ বছর বয়সি অভিযুক্তকে ফের গ্রেফতার করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইতে (Mumbai)। অভিযুক্তের নাম আরমুগাম দেবেন্দ্র। ২০০৮ সালে বোম্বে পোর্ট ট্রাস্ট এরিয়ার একটি নিষিদ্ধ জায়গা থেকে তেল চুরি করার অপরাধে আরএকে মার্গ থানার পুলিশ গ্রেফতার করেছিল দেবেন্দ্রকে। গ্রেফতারির মেমোতে লেখা ছিল, আসামির হাতে হৃদয় চিহ্ন এবং ক্রুশের একটি ট্যাটু রয়েছে।
দেবেন্দ্রকে আদালতে পেশ করার পর জামিনে মুক্তি পেয়েছিল সে। কিন্তু পুলিশ চার্জশিট দাখিল করার পরেই গা ঢাকা দেয় অভিযুক্ত। আদালত তাকে 'ফেরার' বলে ঘোষণা করে। পুলিশ বারবার তার এবং তার পরিচিতদের বাড়িতে তল্লাশি চালিয়েও অভিযুক্ত সন্ধান পায়নি। দেবেন্দ্রর স্ত্রীর মৃত্যু হয়েছিল আগেই, বাড়িতে তার উপর নির্ভরশীলও কেউ ছিল না। ফলে কোনওভাবেই তার সন্ধান পায়নি পুলিশ (police)।
তবে সম্প্রতি মুম্বই পুলিশ পলাতক আসামিদের পাকড়াও করার জন্য নতুন করে অভিযান শুরু করে। গত কয়েক মাসে একাধিক 'ফেরার' আসামিকে গ্রেফতারও করা হয়েছে। সেই অভিযানে কিছুদিন আগেই পুলিশ জানতে পারে, পরিচয় ভাঁড়িয়ে দিব্যি লুকিয়ে রয়েছে দেবেন্দ্র।

এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দেবেন্দ্রর ছেলে জীবিত রয়েছে। তার ফোন নম্বর জোগাড় করে কল ডিটেলস খুঁজে দেখতে শুরু করেন তদন্তকারীরা। তাতেই দেখা যায়, কয়েকটি নম্বরে নিয়মিত ফোন করে কথা বলত দেবেন্দ্রর ছেলে। সেই সমস্ত নম্বরের লোকেশন ট্র্যাক করে দেখা যায় সেগুলি মুম্বইয়ের বিভিন্ন জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেমন মেরিন ড্রাইভ, চৌপট্টি, জুহু বিচ ইত্যাদি এলাকার। এরপরেই পুলিশের ধারণা হয়, কোনও না কোনওভাবে পর্যটন ব্যবসায় যুক্ত রয়েছে দেবেন্দ্র ও তার ছেলে। এরপর তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে জানা যায়, মুম্বই দর্শন নামে একটি ট্রান্সপোর্ট বাস সার্ভিসের সঙ্গে যুক্ত দেবেন্দ্র।
এরপরেই ফাঁদ পেতে মুম্বই দর্শনের অফিস থেকে দেবেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে সে নিজেকে আরমুগম দেবেন্দ্র বলে মানতে অস্বীকার করে। কিন্তু তার হাতে হৃদয় চিহ্ন এবং ক্রুশের ট্যাটু দেখেই তদন্তকারীদের যাবতীয় সন্দেহের নিরসন হয়।শেষমেশ অভিযুক্ত নিজেও স্বীকার করে, সেই আরমুগম দেবেন্দ্র।
তদন্তকারীরা জানিয়েছেন ১৫ বছর আগের তেল চুরি বাদ দিলেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। জুয়া খেলা জালিয়াতি এবং একটি পথ দুর্ঘটনার মামলা রয়েছে তার বিরুদ্ধে।
কেষ্ট জেলে, ওর মেয়েটার খোঁজ-খবর রাখিস: বীরভূমের নেতাদের বললেন দিদি