
শুভেন্দু অধিকারী এবং তথাগত রায়
শেষ আপডেট: 18 July 2024 14:16
দ্য ওয়াল ব্যুরো: অনেক হয়েছে 'সবকা সাথ, সবকা বিকাশ'! যারা বিজেপির সঙ্গে নেই, তাদের সঙ্গে বিজেপিও থাকবে না। বুধবার সায়েন্স সিটিতে দলীয় বৈঠকে কার্যত এমনই মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সেই মন্তব্য নিয়ে হইচই পড়ে গেছে। যদিও কয়েক ঘণ্টার মধ্যে নিজের মন্তব্য থেকে কিছুটা সরে এসেছেন শুভেন্দু। তবে বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় তাঁকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাঁর সাফ কথা, শুভেন্দু যা বলেছেন সেটা তাঁরও মনের কথা।
দলের এই বৈঠকে শুভেন্দু অধিকারী বিজেপির সংখ্যালঘু সেল তুলে দেওয়ার কথাও বলেছেন। তাঁর যুক্তি, বাংলায় মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না। আর যারা ভোট দেয় না, যারা বিজেপির পাশে নেই, তাদের পাশে বিজেপিও থাকবে না। বিরোধী দলনেতার এই মন্তব্য কিন্তু তাঁর দলের একাংশ সমর্থন করেনি। যেমন সুকান্ত মজুমদার বলেছেন, এই মন্তব্যের অনুমোদন বিজেপি দেয় না। আবার শমীক ভট্টাচার্য কিছুটা ড্যামেজ কন্ট্রোল করতে বাংলায় হিন্দু-মুসলমান সম্প্রীতির ঐতিহ্যের কথা বোঝাতে চেয়েছেন। কিন্তু একই রাস্তায় হাঁটলেন না তথাগত রায়।
এক্স হ্যান্ডেলে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির স্পষ্ট বক্তব্য, ''শুভেন্দু খোলা স্টেজে যে কথা বলেছে তা ধ্রুব সত্য। সেটা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা। আমারও। অভিনন্দন।'' তথাগত অন্য একটি পোস্টে আরও বলেন, ''শুভেন্দুর মন্তব্যের পর যা হচ্ছে সেটা রাজনীতি।'' এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও নেন তিনি।
শুভেন্দু, কালকে তুমি যা বলেছ তা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা। আমারও। অভিনন্দন।
— Tathagata Roy (@tathagata2) July 18, 2024
তথাগত বলেন, ''ইসলামের বাইরে জন্ম নেওয়া ব্যক্তিদের নিয়ে মন্তব্য করে ফিরহাদ হাকিম যেমন বলেছিলেন সেটা তাঁর বিশ্বাস। আর সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন বিষয়টিই জানেন না। এটাই রাজনীতি।'' এক কথায় তথাগত পরিষ্কার বোঝাতে চেয়েছেন, মোদী সরকারের 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর বিরুদ্ধে গিয়ে শুভেন্দু যে মন্তব্য করেছেন তা ভীষণ সাহসী। এর জন্য তাঁকে বাহবা দেওয়া উচিত।
What Suvendu said on stage was God’s truth. The rest is politics. Just as what Firhad Hakim said about people born outside Islam is what he believes in. And what Mamata said - that she doesn’t know what Firhad said - is politics.
— Tathagata Roy (@tathagata2) July 18, 2024
শুভেন্দু অধিকারী ইতিমধ্যে নিজের মন্তব্য থেকে সরে এসেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। শুভেন্দুর যুক্তি, ''যারা দেশের ভাল চান, জাতীয়তাবাদী তাঁদের পক্ষে আমরা থাকব। তবে যারা দেশ এবং বাংলা স্বার্থবিরোধী কাজ করেন তাদের সঙ্গ দেব না।'' এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো সংখ্যাগুরু-সংখ্যালঘু চিহ্নিত করে বিভাজন করা উচিত নয়। প্রত্যেককে ভারতীয় হিসেবে দেখা উচিত। শুভেন্দুর কথায়, আদতে তিনি 'সবকা সাথ, সবকা বিকাশ'-এই বিশ্বাস করেন।
কিন্তু কেন শুভেন্দুকে এভাবে ঢোঁক গিলতে হল? বিশেষজ্ঞদের মতে, এটা আদতে নরেন্দ্র মোদীর স্লোগান। তাই শুভেন্দুর কথা লুফে নিয়ে জাতীয় সংবাদমাধ্যমে এই ব্যাখ্যাও শুরু হয়ে গেছে যে বিজেপি শুধু হিন্দুদেরই পার্টি। ফলে জাতীয় রাজনীতিতে সমস্যা বেড়েছে বিজেপির।