দলের গুপ্তকথা ফাঁসের হুঁশিয়ারি তথাগতর, জানালেন, যাত্রার বিবেকের ভূমিকা চালিয়ে যাবেন
দ্য ওয়াল ব্যুরো: তাঁর ধারাবাহিক 'বিবেকের পাঠে' বিড়ম্বনায় রাজ্য বিজেপি (BJP)। কিন্তু তিনি থামবেন না।স্বেচ্ছায় দল ছাড়ারও কোনও ইচ্ছে নেই তাঁর। বরং দলে থেকে যাত্রার বিবেকের ভূমিকা পালন করতে চান তথাগত রায় (Tathagata Roy)। রবিবার ফেসবুকে এমনটাই ল
শেষ আপডেট: 7 November 2021 09:53
দ্য ওয়াল ব্যুরো: তাঁর ধারাবাহিক 'বিবেকের পাঠে' বিড়ম্বনায় রাজ্য বিজেপি (BJP)। কিন্তু তিনি থামবেন না।স্বেচ্ছায় দল ছাড়ারও কোনও ইচ্ছে নেই তাঁর। বরং দলে থেকে যাত্রার বিবেকের ভূমিকা পালন করতে চান তথাগত রায় (Tathagata Roy)। রবিবার ফেসবুকে এমনটাই লিখেছেন তিনি।
ফেসবুক পোস্টে তথাগত লেখেন, 'গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম। সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। আমি আপাতত এখন সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না।'
উল্লেখ্য, দলের সিদ্ধান্ত ও কয়েকজন শীর্ষ নেতার সমালোচনা করে তাঁর ধারাবাহিক সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষ ইতিমধ্যেই তাঁকে দল ছেড়ে দিতে বলে দিয়েছেন। কিন্তু স্বেচ্ছায় দল ছাড়তে নারাজ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। তিনি সাধারণ সদস্য হয়ে দলে থাকছেন। সেইসঙ্গে তাঁর হুঁশিয়ারি দলের ‘গুপ্ত কথা’ ফাঁস করার!
আরও পড়ুন:
সোমবার বিধানসভায় সুব্রতর স্মৃতিচারণা, থাকতে পারেন মমতা
শনিবার ইকোপার্কে তথাগতর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, 'কত দিন আর লজ্জা পাবেন? দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি। দল যাঁদের সব থেকে বেশি দিয়েছে। তাঁরাই দলের সবথেকে বেশি ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা।'
কিন্তু এদিন তথাগত ফেসবুক ও টুইটারে জানালেন, তিনি স্বেচ্ছায় দল ছাড়ছেন না। দল ছাড়লে অনেক ‘গুপ্ত কথা’ ফাঁস করতে পারতেন বলে দাবি তাঁর।
সম্প্রতি সময়ে কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষকে বারবার নিশানা করছেন তথাগত। বর্ষীয়ান এই রাজনীতিকের ধারাবাহিক তির্যক সমালোচনায় বিড়ম্বনায় পড়ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাঁরা দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'