
শেষ আপডেট: 5 October 2020 07:16
টাটা সনস প্রাইভেট লিমিটেডের এখন নেট ওয়ার্থ ১১ হাজার ৩০০ কোটি ডলার। অর্থাৎ আট লক্ষ কোটি টাকারও বেশি। কফি থেকে গাড়ি, নানা পণ্যের ব্যবসা করে ওই হোল্ডিং কোম্পানি। জানা গিয়েছে, ১৫২ বছরের ঐতিহ্যশালী এই প্রতিষ্ঠান একটি ‘সুপার অ্যাপ’ বানাতে চলেছে। যে জন্য বহুজাতিক বিনিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে তারা কথা বলছে। এর মধ্যে ওয়ালমার্ট ইনকর্পোরেটেডের সঙ্গে তাদের কথাবার্তা কিছুদূর এগিয়েছে বলে শোনা যাচ্ছে। ২৫০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে ওয়ালমার্ট।
সুপার অ্যাপ কী?
‘সুপার অ্যাপ’ হল এমনই একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে বলতে পারেন গোটা দুনিয়া চলে আসবে মুঠোয়। কেমন ভাবে তা আসবে? এই অ্যাপের মাধ্যমে আগামী দিনে সমস্ত ই-কমার্সের চাহিদা মেটাতে পারবে গ্রাহক। যেমন, জামা কাপড় কিনতে পারবে, লাইফস্টাইল ও ইলেকট্রনিক্সের সামগ্রী কিনতে পারবে। আবার মুদি খানার জিনিসপত্র কেনা, রেডি টু ইট খাবার অর্ডার দেওয়া, বিমা ও অন্যান্য আর্থিক পরিষেবারও সুযোগ নেওয়া যাবে। সেই সঙ্গে শিক্ষা সংক্রান্ত পরিষেবা, ট্রাভেল বুকিংও করা যাবে।
সুপার অ্যাপের লক্ষে মুকেশ অম্বানির সংস্থা অবশ্য লকডাউনের মধ্যেই লম্বা লম্বা পা ফেলে এগিয়েছে। রিলায়েন্স তাদের ডিজিটাল ব্যবসায় ইতিমধ্যে ২ হাজার কোটি ডলার বা প্রায় দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগ আনতে সফল হয়েছে। কে নেই সেই বিনিয়োগকারীদের তালিকায়! তাদের মধ্যে রয়েছে ফেসবুক ইনকর্পোরেটেড, আলফাবেট ইনকর্পোরেটেড এবং সিলভার লেক পার্টনারস সহ দুনিয়ার নামী দামি সংস্থা। ইদানীং খুচরো ব্যবসার জন্য বিদেশি বিনিয়োগকারী খুঁজছেন মুকেশ। সেক্ষেত্রে সম্ভবত বিনিয়োগ করতে চলেছে অ্যামাজন ডট কম।
ইন্টারনেটের ব্যবসায় এখনও পর্যন্ত টাটার চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছেন অম্বানী। ৬৩ বছর বয়সী মুকেশ অম্বানীর ফোর জিও টেলিকমিউনিকেশনস নেটওয়ার্কের গ্রাহক সংখ্যা ইতিমধ্যে ছুঁয়েছে ৪০ কোটি। দেশের সবচেয়ে বড় রিটেল চেনের মালিকও হলেন মুকেশ।
অন্যদিকে ৮২ বছর বয়সী রতন টাটা বিনিয়োগ করেছেন প্রায় ১০০ ব্যবসায়। টেটলি টি থেকে জাগুয়ার ল্যান্ড রোভার, টাটার সব পণ্যেরই সাপ্লাই চেন আছে ভারতে। পর্যবেক্ষকরা বলছেন, ভারতে হয়তো আলিবাবার ধাঁচে চলতে চাইবেন টাটা। তাঁদের কোনও অ্যাপে টাটা সনসের প্রতিটি পণ্য মিলবে ডিসকাউন্টে। আলিবাবা তাদের দু'টি অ্যাপ টি-মল এবং তাওবাও-এর মাধ্যমে ওইভাবে ব্যবসা করে। তার ওপরে ওয়ালমার্ট যদি টাটার অ্যাপে বিনিয়োগ করে তাহলে টাটাও ওয়ালমার্টের ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে সুবিধা পেতে পারে।