
মোহন ভাগবত।
শেষ আপডেট: 15 January 2025 13:54
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অস্থির পরিস্থিতির আবহে এ রাজ্যে হিন্দুদের একজোট হওয়ার বার্তা আগেই দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার হিন্দুদের ঐক্যবদ্ধ করতে মাঠে নামছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।
সূত্রের খবর, আগামী ১৬ ফেব্রুয়ারি বর্ধমানে সভা করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর সভাকে সফল করতে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নোটও পাঠিয়েছে বিজেপি। সংঘ প্রধানের সভায় অন্তত ১ লক্ষ মানুষ জমায়েতের টার্গেট নিচ্ছে পদ্ম শিবির। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি বিজেপির নেতারা।
জানা যাচ্ছে, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় আসবেন ভগবৎ। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় থাকবেন তিনি। এরপর একাধিক জেলা সফরের পরিকল্পনা রয়েছে মোহন ভাগবতের। সব শেষে ১৬ ফেব্রুয়ারি বর্ধমানে সভা করবেন তিনি।
শেষ কবে মোহন ভাগবত বাংলায় ১০ দিনের সফরে এসেছেন তা মনে করতে পারছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। তাঁদের মতে, আগামী বছরের গোড়াতেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে রাজ্যের জেলায় হিন্দুত্বের জাগরণ ঘটিয়ে আরএসএসের বিস্তারের পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, অতীতে তো বটেই গত বছর লোকসভা ভোটেও এটা স্পষ্ট হয়েছে যে আরএসএস সক্রিয় না হলে বিজেপির ফলাফল আশানুরূপ হয় না। সেদিক থেকে বাংলায় আরএসএস প্রধানের ১০ দিনের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।