
শেষ আপডেট: 5 March 2024 12:21
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: অযোধ্যার রামমন্দির নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে তারকেশ্বরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। ট্যুইট করে তৃণমূল বিধায়ককে বিঁধলেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিলেন বিধায়কও।
রবিবার হুগলির তারকেশ্বর বিধানসভার বালিগড়িতে ব্রিগেড সমাবেশের সমর্থনে একটি সভা করে তৃণমূল। সভায় তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিং রায় রাম মন্দির প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, "মোদি একজন অব্রাহ্মণ হয়ে রামলালার প্রতিষ্ঠা করেছেন। মন্দির সম্পূর্ণ হয়নি, সেই মন্দিরে রামের মূর্তি প্রতিষ্ঠা মেনে নেননি চার শংকরাচার্য। রাম মন্দির একটা শোপিস হয়েছে। পুজো দিতে যাবেন না।"
আর তৃণমূল বিধায়কের এই বক্তব্যের কিছু অংশ ট্যুইট করেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, হিন্দু ভাবাবেগকে আঘাত করেছেন তৃণমূল বিধায়ক। এরপরেই আরামবাগ সংগঠনিক জেলা বিজেপি সভাপতি পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। রামেন্দুর এই বক্তব্যে রাম মন্দির ও হিন্দু ধর্মকে আঘাত করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
যদিও রামেন্দু সিংহ রায়ের দাবি, তিনি কোনও ভাবাবেগকে আক্রমণ করেননি। মন্দির প্রতিষ্ঠার সময় শংকরাচার্যরা যাননি, সেই প্রসঙ্গেই তিনি কথাগুলি বলেছেন। তাঁর কথায়, "আমার পুরো বক্তব্য কেটে ১৭ সেকেন্ডের বক্তব্য শেয়ার করা হয়েছে। বিভ্রান্তি সৃষ্টি করে একটা অরাজকতা তৈরি করতে চাইছে বিজেপি। তৃণমূল কংগ্রেস সর্বধর্ম নিয়ে চলে। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। তাই বঙ্গবাসী বিভ্রান্তিতে পা দেবেন না।"