
শেষ আপডেট: 14 November 2023 10:52
দ্য ওয়াল ব্যুরো: আলোর উৎসবে মেতেছে গোটা রাজ্য। দিকে দিকে পালিত হচ্ছে কালীপুজো। দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ--- উপচে পড়া ভিড় সর্বত্র। হাওড়ার বালির রথক্রান্তি ট্রাস্টও প্রতিবারের মতো মা তারার বাৎসরিক পুজোর আয়োজন করেছিল। সেই পুজো উপলক্ষ্যে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বালিতে তারা মায়ের বাৎসরিক পুজোয় প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন। পুজোয় এসেছিলেন বেলুড় মঠের মহারাজও। পুজো দেখতে আসা মানুষদের সঙ্গে শ্যামল সেনকে কথা বলতেও দেখা যায়।
বালি রথক্রান্তি ট্রাস্ট পরিচালিত দীপান্বিতা কালীপুজোর শুভ সূচনা করেন প্রাক্তন বিচারপতি। তারপর তিনি এলাকার কিছু মানুষের হাতে শীতবস্ত্রও তুলে দেন তিনি। অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। ট্রাস্টের কার্যকরী সভাপতি বিভাস ঘোষ সম্মানীয় অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।
বালির এই কালীপুজো দেখতে দূরদূরান্ত থেকে লোকজন আসেন। সারাদিন উপোস থেকে পুজো দেন। মানুষ কালীপুজোর দিন সারা রাত ভিড় থাকেন এই মণ্ডপ চত্বরে। রবিবার এই পুজোয় উপস্থিত ছিলেন আরও অনেকেই। হাওড়া জেলার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি, বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় সহ অনেকেই এসেছিলেন মায়ের আরাধনা দেখতে।
তারা মায়ের আরাধনা বালিতে, পুজোয় এলেন প্রাক্তন রাজপাল!#Kalipujo #Kalipujo2023 #Bally #TheWallBangla pic.twitter.com/a38QhKxf2G
— The Wall (@TheWallTweets) November 13, 2023