
শেষ আপডেট: 1 August 2023 13:36
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক কালের তারকাদের যদি জিজ্ঞেস করা হয় কোন জিনিসে তাঁরা সবচেয়ে ভয় পান তবে নিঃসন্দেহে অনেকেরই উত্তর হবে ট্রোলিং। দর্শকদের সমালোচনা, বিতর্ক এগুলি যেন সঙ্গী রূপোলি দুনিয়ার মানুষদের। তবে ট্রোলিংকে এখনও অনেকে এড়িয়ে চলেন। যদিও এই তালিকায় একেবারেই ফেলা যায় না তাপসী পান্নুকে (tapsee pannu)।
বলিউডে ৭ বছর কাটিয়ে ফেললেও তাঁর ঝুলিতে হিট ছবির সংখ্যা হাতেগোনা। তবে ছবি আসুক বা না আসুক, এই ৭ বছরে বারবার তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে। অচেনা ট্রোলার হোক বা বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত, কড়া জবাব দিতে কাউকেই ছাড়েননি তাপসী।
২০২১ সালে কঙ্গনার বোন রঙ্গোলি অভিনেত্রীকে 'কঙ্গনার সস্তা কপি' বলে কটাক্ষ করেছিলেন। তবে তাতে বিশেষ বিচলিত হননি তাপসী। ব্যাঙ্গের সুরে তিনি মন্তব্য করেন, 'আমার হাঁচিও ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ'। অর্থাৎ তাঁর কটাক্ষ করে একপ্রকার তাঁর গুরুত্বই যে বাড়িয়ে দেওয়া হল এমনটাই বোঝাতে চেয়েছিলেন তাপসী।
কঙ্গনা বা তাঁর বোনই শুধু নয়, বরং সাধারণ অচেনা ট্রোলারকেও ছেড়ে কথা বলেন না তাপসী। তাঁর মানসিক স্থিতি নিয়ে কটাক্ষ করায় এবং তাঁকে মানসিক ভারসাম্যহীন বলায় তাপসী উত্তর দিয়েছিলেন, 'আপনিই তবে এসে চিকিৎসা করুন।' এখানেই শেষ নয়, সম্প্রতি টুইটারে এক অনুরাগী অভিনেত্রী কবে বিয়ে করছেন এই প্রশ্ন করলে তাপসী উত্তর দেন 'আমি তো অন্তঃসত্ত্বা নই।'
শারীরিক গঠন নিয়ে কথা বললেও সেই প্রশ্নের উত্তরে সপাট জবাব দিতে ছাড়েননি তাপসী। এক টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁকে তাঁর শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করা হলে তাপসী উত্তর দেন, ' আমার শরীরের পুরোটাই আমার পছন্দ তবে আপনার কোন অংশটা পছন্দ কমেন্টে জানান'। বলা বাহুল্য এমন উত্তর পেয়ে আর মুখ খোলার সাহস হয়নি কোনও ট্রোলারের।
নিজের গল্প টোটার মাধ্যমে বলেছেন করণ, বাস্তব জীবনে নাচতে ভালবাসেন তিনিও