
শেষ আপডেট: 3 January 2024 16:41
দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতার রাজনীতিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায় সংঘাত এবার চরমে পৌঁছল। এতটাই যে এসপার ওসপার করার হুঁশিয়ারি দিয়ে বরানগরের বিধায়ক তাপস এদিন বলেন, “ওঁর সব ফাইল আমার কাছে রাখা আছে। সাদা হাতি বলেছিল, তৃণমূলটাই উঠে যাবে।”
পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার যাত্রা করে বাংলা গ্রামেগঞ্জে ঘুরছেন, তখন সুদীপ বিলেতে ফটো তুলে বেড়াচ্ছিলেন বলে অভিযোগ তাপসের। অভিষেককে এ ব্যাপারে তিনি বলেছিলেন, পঞ্চায়েত ভোটের সময়ে দলের একজন সাংসদ কেন ন্যূনতম দায়িত্ব কেন পালন করবেন না! কেন শুধু কোলে মার্কেটে গিয়ে একটা সভা করে দায় সারবেন? লোকসভা ভোটে ওকে ফের প্রার্থী করা হলে কেন ওঁর হয়ে কেউ প্রচার করবে? সুদীপের বিরুদ্ধে সেই অভিযোগ এবার নতুন মোড়কে এনেছেন তাপস। অভিষেকের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, সুদীপ অকেজো। তাঁকে দিয়ে দলের কোনও উপকার হবে না।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সুদীপ বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে”। নতুন করে সংঘাতের সূত্রপাত সেখান থেকেই। তাপস রায় মঙ্গলবার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মানে কী? বালাই ষাট। সুদীপ নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে দশ-বারো বছরের বড়।”
তাপসের একথা শুনে সুদীপ আবার বলেছিলেন, "একটা প্রবাদ রয়েছে, হাতি চলে বাজার...।" বুধবার এরই পাল্টা প্রতিক্রিয়ায় তাপস রায় বলেছেন, “ও হল সাদা হাতি। আনপ্রোডাক্টিভ। অনুৎপাদক। সুব্রতদা (পড়ুন সুব্রত মুখোপাধ্যায়) অবশ্য বলতেন, দেখ কেমন পেঙ্গুইনের মতো হেঁটে আসছে”।
সম্প্রতি নেতাদের প্রোডাক্টিভিটির প্রসঙ্গ তুলেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, ত্রিশ-চল্লিশ বছর বয়সে যেরকম দৌড় ঝাঁপ করে কাজ করা যায়, সত্তর বছর বয়সে সেই প্রোডাক্টিভিটি থাকে না। সুদীপের বয়স ৭০ পেরিয়ে গিয়েছে অনেক আগেই। এদিন সেই কথাটাই তাপস ফের বোঝাতে চেয়েছেন।
তাৎপর্যপূর্ণ হল, গত বছর খানেকের বেশি সময় ধরে তাপস রায় যে লাগাতার সুদীপের সমালোচনা করে চলেছেন, তা নিয়ে কিন্তু দল কখনওই তাঁকে টেনে ধরেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ও এক বারও বারণ করেননি তাপস রায়কে। বা ডেকে বলেননি, এটা কেন করছ? বরং তাপস রায়ের সঙ্গে ইদানীং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ও তালমিল যে ভাল তা দৃশ্যত স্পষ্ট। গত শনিবার অভিষেকের আমন্ত্রণে তাঁর কালীঘাটের বাড়িতে মধ্যাহ্নভোজেও গিয়েছিলেন তাপস।
এদিন তাপসবাবু বলেন, সুদীপ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের পছন্দ করেন না। উত্তর কলকাতায় উনি সমান্তরাল ব্যবস্থা চালাতে চান। ভুলে গেলে চলবে না, উনি ৬ বছরের জন্য দল ছেড়েছিলেন। বলেছিলেন, ৬ মাসের মধ্যে তৃণমূল উঠে যাবে। সেই সময় আর যা বলেছিলেন, সেই সব কাগজ রেডি করেছি। একদা সুদীপের বিরুদ্ধে ভুসি কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। সেই সব ফাইলও তাপসবাবু রেডি করে রেখেছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।