তন্ময় ভট্টাচার্য
শেষ আপডেট: 16 November 2024 23:39
দ্য ওয়াল ব্যুরো: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে ফের সিপিএমের সাসপেন্ডেড নেতা তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করল বরানগর থানার পুলিশ। শনিবারই প্রবীণ এই রাজনীতিককে ডেকে পাঠিয়ে প্রায় ঘণ্টাখানেক কথা বলেন তদন্তকারীরা।
এখানেই শেষ নয়। আগামী ২৬ নভেম্বর ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে এদিন নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তন্ময়। আগামীদিনে তদন্তের স্বার্থে পুলিশ যতবার ডাকবে ততবারই তিনি সাহায্য করবেন বলে জানিয়েছেন সিপিএমের সাসপেন্ডেড নেতা।
আরজি করে পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় যখন রাজ্য রাজনীতি উত্তাল, তার ঠিক কিছুদিনের মধ্যেই তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। গত ২৭ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হেনস্থার ঘটনার কথা প্রকাশ্যে আনেন তিনি। লেখেন, 'চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।'
ডিজিটাল সংবাদমাধ্যমের ওই মহিলা সাংবাদিক তাঁর লাইভ ভিডিওতে অভিযোগ করেন 'আজ আমার সকালে অ্যাসাইনমেন্ট ছিল। চার বছর ধরে সাংবাদিকতা করছি। এমন ঘটনা আমার সঙ্গে হয়নি। আজ সকালে সিপিএম নেতার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। সেই মতো তাঁর কাছে যাই। এর আগেও ইয়ার্কির ছলে অনেক সময়ই উনি গায়ে হাত দিয়েছিলেন। হাতে হাত দিয়েছেন বা গায়ে হাত দিয়েছেন। কিন্তু আজ যখন আমার ক্যামেরা পার্সন ক্যামেরার ফ্রেম ঠিক করছিলেন তখন তন্ময়বাবু কোথায় বসব, কোথায় বসব বলে আমার কোলে বসে পড়েন। আমি বিষয়টাকে কোনও ভাবে কন্ট্রোল করে নিয়ে ইন্টারভিউ নিই। কারণ এটাই আমার কাজ। মানসিকভাবে এত ইরিটেশন হচ্ছিল যে আমি এক্সপ্লেইন করতে পারব না।'
কিন্তু, তন্ময়ের বিরুদ্ধে তরুণী সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ উঠতেই চাপে পড়ে তন্ময়কে সাময়িকভাবে দল থেকে সাসপেন্ড করা হয়। সেইসঙ্গে, প্রবীণ বাম নেতার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তেরও নির্দেশ দেয় দলীয় নেতৃত্ব। সিপিএমের তরফে জানিয়ে দেওয়া হয়, তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত তন্ময়ের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হবে না। তদন্ত রিপোর্ট হাতে আসার পর তা খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
এর মধ্যেই তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে স্থানীয় বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী সাংবাদিক। পুলিশ তাঁর অভিযোগ গ্রহণের পাশাপাশি বয়ান রেকর্ডও করে। অভিযোগের ভিত্তিতেই তন্ময়কেও দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও তন্ময় প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ‘এটা সম্পূর্ণ পরিকল্পিত কুৎসা।’