
দুই মহিলা ও এক শিশুকে বেদম মারের অভিযোগ (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 1 July 2024 21:32
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকদিন ধরে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে গণপিটুনির খবর সামনে এসেছে। ইতিমধ্যে গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন। খাস কলকাতাতেও ঘটেছে মর্মান্তিক ঘটনা। আর এবার সেই তালিকায় জুড়ল পূর্ব মেদিনীপুরের তমলুক। ভরা রাস্তায় দুই মহিলা ও এক শিশুকে বেদম মারের অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। পুলিশ এসে আহতদের উদ্ধার করে।
সোমবার ঘটনাটি ঘটেছে তমলুক থানার নিশ্চিন্তবসান গ্রামে। ওই গ্রামের বাসিন্দা দীপালি বেরার অভিযোগ, তাঁর বাড়িতে চুরি করতে আসে দুই মহিলা সহ এক নাবালক। দুপুরবেলা তিনি বাড়িতে একা ছিলেন। সেই সময় তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন তিনজন ভিক্ষার নাম করে তাঁর বাড়িতে চুরি করার চেষ্টা করে বলে দাবি দীপালির।
দীপালির চিৎকারেই পাড়ার লোকজন জড়ো হয়ে যায়। অভিযোগ, সেই সময় ঘরের ভিতর থেকে অভিযুক্ত এক মহিলাকে বেরিয়ে আসতে দেখা যায়। অভিযুক্তের ব্যাগ তল্লাশি করে দীপালি গয়নার ব্যাগ পাওয়া গিয়েছে বলেও দাবি করেছেন কয়েকজন গ্রামবাসী। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা। মহিলার হাত পিছমোড়া করে বেঁধে চলে বেড়ধক মারধর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। দুই মহিলা এবং শিশুকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। সমগ্ৰ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের সঙ্গে আরও কেউ চুরির কাণ্ডে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও গণপিটুনির অভিযোগ অস্বীকার করেছেন গ্রামবাসীরা।