
দেবাংশু ভট্টাচার্য।
শেষ আপডেট: 7 June 2024 15:32
দ্য ওয়াল ব্যুরো: 'নন্দীগ্রামের বদলা নেবই'- লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরে গিয়ে বড় মুখ করে বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলাফলে রাজ্যজুড়ে তৃণমূলের জয় জয়কার হলেও পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে তা হয়নি।
তমলুক এবং কাঁথি- পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্রেই বিপুল ভোটে হেরেছেন শাসকদলের প্রার্থীরা। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ৭৭ হাজার ৭৩৩ ভোটে পরাজিত হয়েছেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। আর কাঁথিতে তৃণমূল পরাজিত হয়েছে ৪৭ হাজার ৭৬৪ ভোটে।
পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 'গড়' হিসেবে পরিচিত। পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলের পূর্ব মেদিনীপুরের একাংশ নেতার বিরুদ্ধেই বিজেপি-যোগের বড় অভিযোগ এনেছেন দেবাংশু। যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। তবে দেবাংশুর অভিযোগের সত্যতা রয়েছে বলেই মনে করছেন তৃণমূলের জেলা এবং রাজ্যস্তরের একাংশ নেতা।
শুক্রবার তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় টেলিফোনে দ্য ওয়ালকে বলেন, "পূর্ব মেদিনীপুরের এই ফলাফল নিঃসন্দেহে হতাশাজনক। দেবাংশু ভুল কিছু বলেননি। নিশ্চয়ই ওর কাছে এ বিষয়ে তথ্য রয়েছে।"
কী অভিযোগ করেছেন দেবাংশু? তমলুকের তৃণমূল প্রার্থীর অভিযোগ, "ভোটে লড়তে গিয়ে পূর্ব মেদিনীপুরে অনেক অভিজ্ঞতা হয়েছে। এই জেলায় তৃণমূলের অনেকেই দুনৌকায় পা দিয়ে চলছেন। সেই কারণেই এই পরাজয়।" দেবাংশু এও জানান, দলের কারা কারা দু'নৌকায় পা দিয়ে চলছে তাঁদের তিনি চিহ্নিত করতে পেরেছেন এবং বিষয়টি দলের নেতৃত্বকে জানিয়েছেন।
অসিতবাবু বলেন, "দেবাংশুর অভিযোগ ফেলে দেওয়ার মতো নয়। দলীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" নাম প্রকাশ করব না, এই শর্তে দলের রাজ্যস্তরের এক নেতার অকপট স্বীকারোক্তি, "পূর্ব মেদিনীপুর যেন অন্য গ্রহ! ওখানে ব্লক এবং জেলাস্তরের একাংশ নেতার সঙ্গে শুভেন্দুর গোপন বোঝাপড়ার অভিযোগ নতুন কোনও বিষয় নয়। বিষয়টি যে কেউ জানেন না, তেমনও নয়। তবে এখনও কেন ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, সেটাই আশ্চর্যের।"