নবারুণ নায়েক
শেষ আপডেট: 27 November 2024 17:28
দ্য ওয়াল ব্যুরো: টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ! গ্রেফতার তমলুকের বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েক। শুধু তিনিই নন, তাঁর স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই হোক বা তমলুকের সাংসদ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি রয়েছে তাঁর।
স্বাভাবিকভাবেই রাজ্য সাধারণ সম্পাদক ও তাঁর স্ত্রীকে গ্রেফতারের ঘটনায় স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে বিজেপির। মঙ্গলবার সন্ধেয় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদককে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে নবারুণ নায়েকের স্ত্রী তনুশ্রী রায় নায়েককেও।
অভিযোগ, স্বামী–স্ত্রী দু’জনেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত। দু’টি ভুয়ো টেন্ডার দিয়ে দেড় কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠতেই দু’জনকে গ্রেফতার করা হয়। প্রতারিতদের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে এমন পদক্ষেপ পুলিশের।
এই টেন্ডার প্রতারণার সঙ্গে অসম সরকারের নামও জড়িয়ে আচভহে বলে খবর। পুলিশ জানতে পেরেছে এর পিছনে বড় চক কাজ করছে। বিজেপির রাজ্য সম্পাদক ও তাঁর স্ত্রী ছাড়াও অসমের বাসিন্দা দীপঙ্কর ধর–সহ আরও কয়েকজনের নাম জড়িয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
কলকাতার ঠিকাদার বিশ্বজিৎ দত্ত এবং তাঁর সহযোগী ঠিকাদার ডায়মন্ডহারবারের কালীচরণপুরের বাসিন্দা ভাস্কর মণ্ডলকে কম্বল সরবরাহের দুটি আলাদা টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় নবারুণ নায়েক। টাকা যাতে সঠিকভাবে আসে তার প্রতিশ্রুতি দেন নবারুণের স্ত্রী তনুশ্রী। এরপর দুই ব্যক্তির থেকে নবারুণ ও তাঁর স্ত্রী তনুশ্রী ১ কোটি ৬০ লক্ষ টাকা নেন বলে অভিযোগ।
নবারুণের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের অভিযোগ, তমলুকে বিজেপির তোলাবাজির ঘটনা আবারও প্রমাণিত হল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল।