
শেষ আপডেট: 29 March 2024 12:51
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নির্বাচনী প্রচার সভায় বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা চন্দন মণ্ডল। বক্তব্য রাখতে গিয়ে মুখ ফস্কে তিনি বলে ফেললেন, 'অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু'লক্ষের বেশি ভোটে হারাবো।' তিনি অবশ্য সঙ্গে সঙ্গেই ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন। কিন্তু তাঁর মন্তব্য ঘিরে চর্চা থামছে না।
বৃহস্পতিবার ময়নায় এসেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচনী প্রচারসভা ছিল সেখানে। মঞ্চে বক্তৃতা দিতে উঠেছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক চন্দন মণ্ডল। সেখানেই তিনি মুখ ফস্কে বলে ফেলেন, 'আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু'লক্ষের বেশি ভোটে হারাবো।'
চন্দনবাবুর এই মন্তব্যে হতম্ভব হয়ে যান মঞ্চে উপস্থিত বাকি নেতারা। কেউ কেউ হেসেও ফেলেন। তখন তাঁর কাছেই বসেছিলেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত। তিনি চন্দনবাবুকে কাছে টেনে ভুল শুধরে দেন। পরক্ষণেই ভুল বুঝতে পেরে কর্মী ও সমর্থকদের উদ্দেশে চন্দনবাবু বলেন, 'অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু'লক্ষ ভোটে জেতাব।' যদিও সেই সময় ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতের পায়রাচক গ্রামের ওই প্রচার মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন না। পরে তিনি সেখানে পৌঁছন।
তবে বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তাঁর এই বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। এই বিষয়টি নিয়ে তাঁকে ফোন করা হলে চন্দনবাবুর দাবি, মুখ ফস্কে ভুল বেরিয়ে গেছিল। তিনি বলতে চেয়েছিলেন দেবাংশু ভট্টাচার্যকে ২ লক্ষ ভোটে হারাবেন।