
শেষ আপডেট: 5 July 2023 11:59
দ্য ওয়াল ব্যুরো: চোখের সামনে কেউটে সাপ দেখলে মাথা ঠাণ্ডা করে বিপদের মোকাবিলা করতে পারেন এমন মানুষের সংখ্যা হাতে গোনা। অনেকেই দিশাহারা হয়ে পড়েন, যারা সাহস সঞ্চয় করতে পারেন তাঁরা খবর দেন বনদফতরে। তবে কেউটে সাপকে জল খাওয়ানোর মতো সাহস খুব কম জনই দেখাতে পারেন। অবশ্য একে সাহস না বলে দুঃসাহস বলাই ভাল, সম্প্রতি ভাইরাল একটি ভিডিও দেখার পর মনে করছেন অনেকেই।
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে বোতল থেকে একটি কেউটে সাপকে জল খাওয়াচ্ছেন এক ব্যক্তি। তবে সেই সাপ যাতে আঘাত না করতে পারে তার জন্য শক্ত করে সাপের লেজটি ধরে রেখেছেন তিনি। বিষয়টি দেখেই শিউরে উঠছেন অনেকেই।
কিন্তু কে এই ব্যক্তি? ঠিক কী ঘটেছিল?
জানা গেছে, তামিলনাড়ুর নটরাজন নামে এক ব্যক্তির ঘরে ঢুকে পড়েছিল একটি কেউটে সাপ। তিনি এবং তাঁর এক বন্ধু এজুমালাই সেই সাপ দেখে ভয় পেয়ে খবর দেন চেল্লা নামের এক ব্যক্তিকে। চেল্লা দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণ রক্ষার কাজের সঙ্গে যুক্ত। ভিডিওতে দেখতে পাওয়া সেই ব্যক্তিই হলেন এই চেল্লা।
সাপটিকে উদ্ধার করতে এসে চেল্লা দেখেন ঘরের একপাশে নেতিয়ে পড়ে রয়েছে সাপটি। ভাল করে পরীক্ষা করে তিনি বুঝতে পারেন যে সাপটি আসলে অত্যন্ত তৃষ্ণার্ত। ফলে, নড়াচড়ার ক্ষমতাই নেই সেই সাপটির। চেল্লা তখন নিজের পানীয় জলের বোতলের ছিপি খুলে জল খাওয়াতে শুরু করেন সাপটিকে।
চেল্লার কথায় সম্ভবত, একটি বড় ইঁদুর খেয়ে ফেলেছিল কেউটে সাপটি। ফলে, সেই ইঁদুর গিলতে না পেরে গলায় আটকে অজ্ঞান হয়ে গিয়েছিল এটি। পাশাপাশি জল শূন্য হয়ে গিয়েছিল সাপটির শরীর। জল পেয়ে সুস্থ হয়ে ওঠে সাপটি। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। তবে মানবিকতার খাতিরে সাপকে জল খাওয়ানোর এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।