দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিনে জঙ্গিরা স্নাইপার রাইফেল ব্যবহার করে কাশ্মীর উপত্যকায় খুন করেছে তিনজনকে। স্নাইপার রাইফেলে অনেক দূর থেকে নিখুঁত লক্ষে গুলি চালানো যায়। জঙ্গিদের হাতে ওই ধরনের রাইফেল আছে জানার পরে নড়েচড়ে বসেছেন সেনাকর্তারা। জঙ্গিদমন অভিযানের কৌশল ঢেলে সাজানো হচ্ছে। এর মধ্যে জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ওই রাইফেল দিয়েছে জয়েস ই মহম্মদ গোষ্ঠীর জঙ্গিদের হাতে।
নিরাপত্তারক্ষীরা জানতে পেরেছেন, আফগানিস্তানে ন্যাটো এই ধরনের রাইফেল ব্যবহার করে। তালিবান জঙ্গিরা সেই রাইফেল ন্যাটোর অস্ত্রাগার থেকে চুরি করেছে। তারপর বেচে দিয়েছে আইএসআইয়ের কাছে। পাকিস্তানি গোয়েন্দারা সেই রাইফেল দিয়েছে জয়েশকে।
কয়েকমাস আগে সমীর টাইগার নামে এক হিজবুল মুজাহিদিন জঙ্গি হাতে এম-ফোর কার্বাইন নিয়ে ছবি তোলে। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকে আশঙ্কা করেছিলেন, হিজবুল হয়তো ওই অস্ত্র পেয়েছে। তবে তদন্তে জানা যায়, ছবি তোলার জন্য অস্ত্রটি ধার করেছিল সমীর। কয়েকমাস আগে সে এনকাউন্টারে মারা গিয়েছে।