
শেষ আপডেট: 18 August 2022 14:25
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার শেষ। পুজোর মুখেই খুলে দেওয়া হতে পারে টালা ব্রিজ (Tala Bridge)। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় একথা জানিয়েছেন ডেপুটি মেয়র ও স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ।
এদিন অতীন জানান, দ্রুততার সঙ্গে টালা ব্রিজের কাজ চলছে। কাজ প্রায় শেষের দিকে। তবে বৃষ্টি বেশি হলে কাজে সমস্যা হবে। এখন ব্রিজের ওপরে ম্যাস্টিকের কাজ হবে। ফলে জল পড়লে ম্যাস্টিক অ্যাসফল্টের ক্ষতি হতে পারে। পুজোর আগেই সব কাজ শেষ করার চেষ্টা চলছে। যেহেতু এবছর বর্ষা দেরিতে হচ্ছে। তাই বৃষ্টি ব্যাঘাত না ঘটালে ২৪ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যেই খুলে দেওয়া হবে টালা ব্রিজ। উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।
পুজোর আগেই উত্তর কলকাতা ও উত্তর শহরতলির মানুষের সমস্যা দূর করতে টালা ব্রিজ (Tala Bridge) চালুর সবরকম চেষ্টা চলছে। কাজ চলছে জোরকদমে। চলতি মাসে পদে বসেই নতুন পূর্তমন্ত্রী পুলক রায় একথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ ডিসেম্বর রাতে বন্ধ করে দেওয়া হয় টালা ব্রিজ (Tala Bridge)। তার আগেই ব্রিজের ওপর ভারী যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। টালা ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় কাশীপুর লেভেল ক্রসিং দিয়ে চলাচল করছিল যানবাহন। বাগবাজার উড়ালপুল দিয়ে চলছে ছোট গাড়ি। কিন্তু তাতে ব্যস্ত সময় অনেক বেশি সময় লাগছে।
উত্তর শহরতলির সঙ্গে শহর কলকাতার যোগাযোগের অন্যতম মাধ্যম টালা ব্রিজ। কিন্তু পরীক্ষা করে পুরনো ব্রিজ ভেঙে রাজ্যকে নতুন করে তৈরির পরামর্শ দিয়েছিল রাইটস। ওই প্রস্তাবকে সমর্থন করেন মুম্বইয়ের সেতু বিশেষজ্ঞ ভি কে রায়নাও। তারপরই শুরু হয় কাজ। ৮০০ মিটার দীর্ঘ ৪ লেনের এই সেতু তৈরিতে খরচ হচ্ছে ৪৬৮ কোটি টাকা।