
শেষ আপডেট: 30 October 2018 10:11
সইফ আলি খানের নতুন সিনেমা 'বাজ়ার' মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি। রেডিওয় তারই প্রচারে এসে একটি অনুষ্ঠানে ৪৮ বছর বয়সি এই অভিনেতা জানান, এখনই তৈমুরের জনপ্রিয়তা তুঙ্গে। তাই অনেক শিশুদ্রব্য নির্মাতা ব্র্যান্ডই তাঁর কাছে প্রস্তাব রেখেছেন, তাঁদের প্রোডাক্টের বিজ্ঞাপনে যদি তৈমুরকে রাখা যায়। "আমি তো এতে কোনও খারাপই দেখি না, কিন্তু করিনার তীব্র আপত্তি। ছেলেকে নাকি 'বিক্রি' করা যাবে না এখন থেকে।"-- এ কথা বলেই সইফ ফের হেসে বলেন, "আমি তো চাই ওকে 'বিক্রি' করতেই। মানে যদি কেউ সস্তায় ভাল ন্যাপি তৈরি করে, তার প্রচার তৈমুর করতেই পারে! আমি তো আর ওর হাতে টাকা দেব না, টাকা রাখা থাকবে ওর পড়াশোনার জন্য। সবটা রাখা থাকবে না, খানিকটা নিয়ে আমরা সুইৎজ়ারল্যান্ড ঘুরতেও যাব।"-- মজা করে এই কথা জানান সইফ।
কিন্তু এ সবে মোটেও মজা পাচ্ছেন না করিনা। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখন থেকেই ফোটোগ্রাফাররা যেভাবে তৈমুরকে দেখলেই সক্রিয় হয়ে ওঠেন, তাতে রীতিমতো ভয় পান তিনি। "মাঝে মাঝে আমার মনে হয়, ওকে কালো টিপ পরিয়ে ঘরে আটকে রাখি। কিন্তু তেমনটা তো আর করা যায় না! কিন্তু আমি চাই, ও আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো বড় হোক। ওর ওপরে জনপ্রিয়তার চাপ এখন থেকে চাপাতে চাই না আমি।"
তবে এ সবে কিন্তু কোনও অসুবিধাই নেই তৈমুরের। আর মাসখানেক পরেই দু'বছর হয়ে যাবে তার। সে কিন্তু এখন থেকেই দিব্যি হাসি মুখে তাকাতে শিখেছে ক্যামেরার দিকে।