
নিজস্ব ছবি
শেষ আপডেট: 6 April 2025 19:12
দ্য ওয়াল ব্যুরো: রিষড়ায় অন্য রকম রামনবমীর শোভাযাত্রা! সেখানে রামলালা আছেন, দেবাদিদেব মহাদেব আছেন, বজরংবলি আছেন, গণপতি বাপ্পা আছেন, ডিজের তালে রামভক্তদের উন্মাদ নাচ আছে। সঙ্গে হাঁটছেন রবীন্দ্রনাথ- বিদ্যাসাগরও। শিবের ডমরু বাজছে, ধামসা মাদলের তালে নাচছেন আদিবাসী রমনীরা। ঢাক-ঢোল-কীর্তন-খোলে যথার্থ রূপ নিল রামনবমীর শোভাযাত্রা।
রিষড়ার যে অঞ্চলে অশান্তি এড়াতে পুলিশে পুলিশে ছয়লাপ করে দেওয়া হয়েছিল সেই সন্ধ্যা বাজার, ছাইরোড, চম্পা বাজার অঞ্চলে এহেন রামনবমীর শোভাযাত্রা রিষড়া শ্রীরামপুরের মানুষ আগে দেখেননি বলেই জানাচ্ছেন। রিষড়া বাঙুর পার্ক, চারবাতি, এনএসরোড, চার নম্বর গেট, বাগখাল, মৈত্রীপথ এলাকা থেকে একের পর এক শোভাযাত্রা চলেছে আর জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হচ্ছে গোটা এলাকা।
সকালে বিভিন্ন জায়গায় রাজ্যের শাসকদলের তরফেও রামনবমীর শোভাযাত্রা বের করা হয়। বিকেলে মাঠে নামেন বিজেপি নেতারা। গেরুয়া পতাকায় মোড়া শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে জমে ভিড়। বাড়ির ছাদ থেকেও উৎসুক জনতা মুখ বের করে শোভাযাত্রা দেখতে থাকেন।
রিষড়াকে ঋষিদের জায়গা বলা হয়। সম্প্রীতির জায়গাও। বিভিন্ন দেবতার পাশাপাশি ঋষি মনীষীদের নিয়ে তাই শোভাযাত্রা হয়েছে বলে জানান মিছিলে উপস্থিত কয়েকজন। যদিও এমন ধর্মীয় মিছিলে রবীন্দ্রনাথ-বিদ্যাসাগরদের দেখে চটেছেন অনেকে। বিতর্কও কম হচ্ছে না।