
শেষ আপডেট: 23 October 2022 04:23
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মারা তাঁদের বিশ্বকাপ (T20 World Cup 2022) অভিযান শুরু করতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতরা কি পারবেন আগের হারের বদলা নিতে? নাকি ম্যাচে ফের দাপট দেখাবে পাকিস্তান (India vs Pakistan)? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে। তবে তার থেকেও বড় প্রশ্ন ভারতের প্রথম একাদশ (India's Predictable XI) কী হতে পারে?
এমনিতেই মেলবোর্নে রবিবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে ভারত-পাক ম্যাচের উত্তাপে মেলবোর্ন আজ অন্য মেজাজে। এখন দেখার ভারত কোনদিকে জোর দেয়। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, পাক বোলিং আক্রমণের কথা মাথায় রেখে ভারত ৭ ব্যাটসম্যান খেলাতে পারে। সে ক্ষেত্রে ঋষভ থাকতে পারেন প্রথম একাদশে। তবে আর একাংশ মনে করছে, প্রস্তুতি ম্যাচে শেষ ওভারে মহম্মদ শামির দুরন্ত বোলিংয়ের কথা মাথায় রেখে দল সাজাতে পারেন রাহুল দ্রাবিড়।
ভারত ও পাকিস্তান দুই দলই তাদের প্রতিপক্ষকে একটু সমঝে চলছে। কারণ এমন বড় ম্যাচে যেকোনও সময় পাল্টে যেতে পারে যেকোনও সমীকরণ। তাই সবসময় প্ল্যান বি-সি তৈরি করেই মাঠে নামছেন দুই দেশের অধিনানায়ক রোহিত শর্মা ও বাবর আজম।
এশিয়া কাপে ভারতের ব্যাটিং লাইনআপ একাই চূর্ণ করে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। তাই পাক এই পেসারকে একটু বুঝেশুনেই খেলতে চাইছেন বিরাট-রোহিতরা। আর এদিনের ম্যাচে সবার নজর থাকবে বিরাট কোহলির দিকে। তাঁর রানে থাকাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ম্যাচের জন্য।
বৃষ্টির পূর্বাভাস থাকায় টস খুব গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে। বিশেষজ্ঞদের মতে, টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেবেন অধিনায়কেরা। কারণ শেষের দিকে শিশির ও আউট ফিল্ড ভিজে থাকা একটা বড় ফ্যাক্টর হতে পারে।
এখন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে---
কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডে, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহল।