
শেষ আপডেট: 25 May 2023 10:55
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের কাছে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। মুম্বইয়ের বিরুদ্ধে ১৮৩ রান তাড়া করতে নেমে মাত্র ১০১ রানেই অলআউট হয়ে যায় তারা। আইপিএল থেকে বিদায় নিতেই প্রবল ট্রোলের শিকার হচ্ছে লখনউ। বিশেষত, আফগান পেসার নবীন উল হকের (Naveen-ul-Haq) দিকে ধেয়ে আসছে একের পর এক ব্যঙ্গাত্মক মন্তব্য। ট্রোল বাহিনীতে এবার যোগ দিল জোম্যাটো-সুইগির (Swiggy and Zomato Trolls Lucknow) মতো খাবার ডেলিভারি দেওয়া সংস্থাগুলিও!
চলতি আইপিএলে (IPL 2023) একাধিক বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য ছিল বিরাট কোহলি ও নবীন উল হকের মধ্যে ঠান্ডা লড়াই। এবারের আইপিএলের প্রথম লেগে বেঙ্গালুরু ও লখনউর ম্যাচে বিতর্কের সূত্রপাত।
সেই ম্যাচে লখনউ ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে মহম্মদ সিরাজ আফগান তারকা নবীন উলকে বাউন্সার দেন। সেই বল আম্পায়ার নো বল ঘোষণা করেন। ফ্রি হিটের সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি নবীন। তারপরেই নবীনকে রক্তচক্ষু দেখান সিরাজ। সেই সঙ্গে ব্যাটিং এন্ডে বল ছুড়ে দেন। অভিযোগ উঠেছিল বিরাট জুতো দেখিয়েছেন নবীনকে। যদিও সেই অভিযোগ পরে অস্বীকার করেন বিরাট। তাঁর দাবি, তিনি আম্পায়ারকে পিচ দেখাচ্ছিল। সেটাই ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

এই বিতর্ক ওখানেই থামেনি। তারপর বারবার বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় বিরাটকে খোঁচা দিয়েছেন নবীন। দিল্লির বিরুদ্ধে লখনউর ম্যাচে বিরাট ১ রানে আউট হন। সেইসময় নবীন সোশ্যাল মিডিয়ায় আমের ছবি পোস্ট করে। লেখেন 'মিষ্টি আম'! সেই পোস্টে বিরাটের নাম উল্লেখ না করলেও নবীনের বিরুদ্ধে ক্ষেপে যান কোহলি-ভক্তরা।
সুইগি ইনস্টামার্ট টুইটারে একটি পোস্ট করে। তাতে লেখা, 'চিন্তার কারণ নেই, লখনউতে আমরা নতুন করে টিস্যু মজুদ করতে শুরু করেছি।'
এখানেই থেমে থাকেনি সুইগি কিছুক্ষণ পরে আরও একটি টুইট করে। সেখানে নাম না করে নবীনকে নিশানা করে তারা। নবীনের 'আম'-এর পোস্টের পাল্টা জবাব দিয়ে সুইগি লিখেছে, 'বেঙ্গালুরু থেকে কেউ ১০ কেজি আম অর্ডার করেছে!'
শুধু সুইগি নয়, জোম্যাটোও নবীনকে 'আম' বিতর্কে খোঁচা দেয়। তারা টুইটারে ছবির একটি কোলাজ পোস্ট করেছে। সেখানে একদিকে দেখা যাচ্ছে, নবীন উল হক ব্যাট করছেন। আর অন্যদিকে নবীনের সেই পোস্ট করা আমের ছবি। ছবির ওপর লেখা, 'এই আমগুলো অতটাও মিষ্টি নয়।' মুহূর্তে ভাইরাল হয়ে গেছে জোম্যাটো-সুইগির এই পোস্টগুলি।
লালবাজারের মিমে ঢুকে পড়লেন নবীন! আফগান তারকার সেলিব্রেশনই সচেতনতার হাতিয়ার