দ্য ওয়াল ব্যুরো: "না, আমার ক্যানসার হয়নি, আমি ড্রাগ নিই না, গাঁজাও খাই না, রিহ্যাব সেন্টারেও যেতে হয়নি কখনও। এটা আমার মাথা, আমার চুল, যা খুশি তাই করব।"-- সোশ্যাল মিডিয়া বেড়ে ওঠা ট্রোলের মুখে সপাটে এই জবাবই দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
তিনি বরাবরই ঠোঁটকাটা, প্রতিবাদী। বহুবার অন্যায় অপমানের জবাব দিয়েছেন নিজের মুখে। পর্দার বহু নায়িকা বিপদে পড়লে নায়ক এসে উদ্ধার করার জন্য অপেক্ষা করলেও, তিনি পর্দার বাইরে নিজেই গলা তুলেছেন নিজের হয়ে। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি একাধিক বার সোশ্যাল মিডিয়ায় নানা বিষয়ে তাঁর হাঁকানো সপাট উত্তর মন ভরিয়ে দিয়েছে ভক্ত-অনুরাগীদের।
এবারেও তেমনই একটা ঘটনার সাক্ষী সোশ্যাল মিডিয়া। বরাবরই নিজেকে নিয়ে, নিজের বিভিন্ন লুক নিয়ে বিশেষত চুল নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করে আসছেন স্বস্তিকা, সেগুলি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। এবারেও তাই করেছিলেন। নিজের মর্জিতে ‘আন্ডারকাট হেয়ারস্টাইল’ করে, দাপটের সঙ্গে সে ছবি পোস্ট করেছেন তিনি।
https://twitter.com/swastika24/status/1295341405007683584
সে ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'ওড়ার জন্য ডানার কোনও প্রয়োজন নেই, আমার এই মাথাই যথেষ্ঠ'। ব্যস ছবিটি আপলোড করতে না করতেই শুরু হয়ে যায় ট্রোলিং। কেউ লেখেন, তোমার সেই লম্বা চুলই সুন্দর, এতে কুৎসিৎ লাগছে। কারও আবার প্রশ্ন, ক্যানসার হয়েছে বলেই কি তাঁকে এভাবে চুল কাটতে হয়েছে? কেউ আবার ইঙ্গিত করেছেন, মাদকদ্রব্য নিতে নিতেই নাকি নিয়ন্ত্রণ হারিয়েছেন অভিনেত্রী। কারও আবার প্রশ্ন, তাঁকে কি নেশামুক্তি কেন্দ্রে দিন কাটাতে হচ্ছে? মোট কথা পরিচিত চুলের ছাঁট থেকে একটু অন্য রকম ভাবে নায়িকাকে দেখেই নানারকম বিচারসভা বসে গেছে সোশ্যাল মিডিয়ায়।
তারই জবাব দিলেন অভিনেত্রী নিজেই। টুইট করে সকলের সব অনুমান ও গুজবে জল ঢেলে দিলেন কড়া ভাষায়। তিনি লেখেন, "এটা আমার মাথা, আমার চুল, যা খুশি তাই করব। আপনাদের প্রশ্নের উত্তর মিলেছে? শান্তিতে থাকুন।" দেখুন তাঁর টুইট।
https://twitter.com/swastika24/status/1296079129310240768
অভিনেত্রীর চাঁছাছোলা পোস্ট আবারও মন কেড়েছে তাঁর ফ্যানদের। অনেকেই কমেন্ট করে অভিনন্দন জানিয়েছেন, হেয়ারস্টাইলের নতুনত্বের জন্য এবং ট্রোলারদের জবাব দেওয়ার জন্যও।