দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার ঝাড়খণ্ডে বিজেপি সমর্থকের হাতে মার খেলেন সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। গুরুতর আহত হয়ে তিনি এখন হাসপাতালে।
এদিন পাকুড়ে এক অনুষ্ঠানে তিনি যোগ দিতে গিয়েছিলেন। তিনি অনুষ্ঠানস্থলের দিকে রওনা হওয়ার জন্য হোটেল থেকে বেরিয়েছেন এমন সময় দেখেন বাইরে বিজেপির লোকেরা জড়ো হয়েছে। তারা প্রথমে কালো পতাকা দেখায়, স্লোগান দেয়। স্বামী অগ্নিবেশ বুঝিয়ে বলতে চেষ্টা করেন, আমি হিংসার বিরোধী। এস আলোচনা করি। কিন্তু তারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তেড়ে আসে। স্বামী অগ্নিবেশকে লাথি, ঘুসি মেরে মাটিতে ফেলে দেয়।
স্বামী অগ্নিবেশের বয়স ৮০। তিনি পরে বলেন, জানি না কেন ওরা আমাকে আক্রমণ করল। যখন আমাকে মারছে, তখন আশপাশে কোনও পুলিশকর্মী ছিল না।
তাঁর দাবি,ওরা আমাকে পিটিয়ে মারতে চেয়েছিল। আমি ওদের কাছে হাত জোড় করে জানতে চেয়েছিলাম, কেন আমাকে মারছ? ওরা জবাব দেয়নি।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস পুলিশকে এই ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, এই আক্রমণ পূর্বপরিকল্পিত। আপাতত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।