
শেষ আপডেট: 6 April 2023 20:10
দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেও তাঁকে কেউ চিনত না। এমনকী দলের অধিনায়ক নীতিশ রাণার (Nitish Rana) কাছেই তিনি ছিলেন অপরিচিত। কিন্তু বৃহস্পতিবার ইডেনের ম্যাচ শেষে তাঁর নামই ঘুরছে সকলের মুখে। কে তিনি?
সুয়াশ শর্মা (Suyash Sharma)। নেট পাড়ায় তাঁর সম্পর্কে বিশেষ কোনও তথ্য নেই। কিন্তু ইডেনে আজকের অভিষেক ম্যাচে সুয়াশ বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।
এদিন ম্যাচের প্রথম থেকেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়। অধিনায়ক নীতিশ যখন টস করতে আসেন তখন বলেন, 'এই ম্যাচে একটা পরিবর্তন হয়েছে। অনুকূল রায়ের পরিবর্তে নামবেন সুয়াশ শর্মা।' যদিও প্রথম একাদশে নামই ছিল না সুয়াশের। কলকাতার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পরে নেমেছিলেন এই ডান হাতি লেগ স্পিনারটি।

অভিষেক ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিয়ে গেলেন সুয়াশ। দিল্লির ছেলে সুয়াশকে নিয়ে মেতেছে গোটা কলকাতা দল। মাতবে নাইবা কেন। চার ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত ও করণ শর্মার উইকেট তাঁর ঝুলিতে। মাত্র ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিলামে কিনেছিল কলকাতা।
ম্যাচ শেষে অধিনায়ক নীতিশকে তাঁর সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি স্বীকার করেন যে, সুয়াশকে রিড (বুঝতেই) করতেই পারেননি তিনি। তাঁর কথায়, 'আমি নিজেও জানি না ও কোথা থেকে এসেছে। শুধু জানতাম দিল্লির ছেলে। মজার ছেলে। ওঁকে বুঝতেই পারিনি।'
আর শার্দূল ঠাকুর (Shardul Thakur)? ম্যাচের নায়ক শার্দূল যেন আজ সবকিছুর ঊর্ধ্বে। ৯টা লম্বা চার ও তিনটে লম্বা ছক্কা দিয়ে নিজের ইনিংস সাজিয়েছেন। ৬৮ রানের ঝোড়ো ব্যাটিং দেখে খুশি সকলেই। ইডেনে বৃহস্পতিবার যাঁরা ম্যাচ দেখতে এসেছিলেন সকলেই মনে মনে বললেন, 'ঠাকুর দর্শন হল!'
ম্যাচ শেষে শার্দূলের নাম উঠতেই চমকে ওঠেন নীতিশ। বলেন, 'ওঁর (শার্দূল) সম্পর্কে বলার ভাষা নেই। ঠাকুর একাই খেলার রং পাল্টে দিয়েছেন।' রিঙ্কু সিং, রহমানুল্লা গুরবাজ, বরুণ শর্মা, সুনীল নারিনের প্রসংশা করতেও কার্পণ্য করেননি নীতিশ।