
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 24 March 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে পানীয় জলের সঙ্কট হাওড়ার বেলগাছিয়া-সহ বিস্তীর্ণ এলাকায়। সেই সঙ্গে বেশ কিছু বাড়িতে নেমেছে ধস-ফাটলও। দুর্ভোগের মধ্যে থাকা সেই বাসিন্দাদের পাশে দাঁড়াতে গিয়ে সোমবার পুলিশের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দু বলেন, "হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ পানীয় জল পাচ্ছেন না। বসতিতে ফাটল। বহু মানুষ নিরাশ্রয়। অথচ বিরোধী দলনেতাকে সেখানে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। এর থেকেই পরিষ্কার বাংলায় কোনও গণতান্ত্রিক সরকার নেই।" শুভেন্দুর অভিযোগ, ফিরহাদ হাকিমের নির্দেশেই পুলিশ তাঁকে শারীরিক হেনস্থা করেছে।
শুভেন্দু এও বলেন, "মমতার পুলিশের হাতে বিরোধী দলনেতা আক্রান্ত হল। আমাকে রক্তাক্ত করা হল। বুঝে নিন বাংলার কী অবস্থা। আসলে হাওড়ার মানুষগুলো রোহিঙ্গা হলে তৃণমূলের সরকার নিশ্চয়ই সাহায্য করত।"
এদিন সকালে ওই এলাকায় গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তার কিছু পরেই সেখানে গিয়ে বাধার মুখে পড়েন শুভেন্দু। বিরোধী দলনেতার অভিযোগ, "ফিরহাদের নির্দেশেই পুলিশ তাঁকে আক্রমণ করেছে।"
যদিও শুভেন্দুর আনা অভিযোগ উড়িয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় নেত্রী দোলা সেন বলেন, "বেশি কথা বলে শুভেন্দুর গুরুত্ব বাড়িয়ে দিতে চাই না। ওদের মন্ত্রী-সাংসদরা সংসদে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে, তাহলে নেতারা তো এভাবে রাস্তায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেই!"
শুক্রবার সকালে হাওড়ার ভাগাড় অঞ্চলে মেরামতির কাজ চলাকালীন হঠাৎই নতুন করে ধস নামে। ধসের চাপে ফেটে যায় পানীয় জলের মূল পাইপলাইন। ফলে হাওড়ার লিলুয়া, বেলগাছিয়া, সি রোড, বি রোড-সহ বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জল সরবরাহ। প্রভাব পড়েছে শিবপুর বিধানসভার বেশ কয়েকটি এলাকাতেও। সব মিলিয়ে উত্তর হাওড়া কার্যত জলহীন। এর পাশাপাশি বহু বাড়িতে ফাটল ধরেছে। এদিন ওই এলাকায় গিয়ে পুলিশের বিরুদ্ধে আক্রান্ত হওয়ার অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা।
শুভেন্দু বলেন, "আগের দিন বারুইপুরে আমার গাড়িতে হামলা হয়েছিল। হাওড়ায় একা পেয়ে রক্তাক্ত করল।" এ প্রসঙ্গে প্রাক্তন শাসকের প্রসঙ্গ টেনে শুভেন্দু এও বলেন, "হবামেদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সুরক্ষা দিত। আর মমতার পুলিশ আমাকে আক্রমণ করছে। সরকার যে নেই, সেটা বোঝা যাচ্ছে।"
এদিন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ৫ হাজার টাকা করে তুলে দেওয়ার কথা জানিয়ে শুভেন্দু বলেন, জল দুর্ভোগ না মেটা পর্যন্ত প্রতিটি পরিবারকে বিজেপির তরফে প্রতিদিন ২০ লিটার করে পানীয় জল সরবরাহ করা হবে।