
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 29 November 2024 15:09
দ্য ওয়াল ব্যুরো: আবাস যোজনায় গত ৩ বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজ্যই আবাসের টাকা দেবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে রাজ্যের ১২ লক্ষ মানুষকে আবাস যোজনার প্রথম দফার কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য।
এরই মধ্যে শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এদিন বিধানসভায় আলোচনা চলছিল। সেখানেই বিরোধী দলনেতা বলেন, "আপনারা ১১ লক্ষ মানুষের বাড়ি করার কথা বলছেন, আমি বলছি, আপনারা রেকটিফাই করুন, আমরা আরও ২০ লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা কেন্দ্র থেকে নিয়ে আসার ব্যবস্থা করব।"
শুভেন্দু এও বলেন, "আসুন না একসঙ্গে পশ্চিমবঙ্গের সব গরিব মানুষের বাড়ি করে দেব!" আবাস যোজনার টাকা যারা খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, "গ্রামসভায় আবাস নিয়ে স্বচ্ছ তালিকা তৈরি করে সর্বদল বৈঠকে পাস করিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে আবাস চালুর প্রস্তাব রাখছি।"
বিরোধী দলনেতার মুখে এভাবে 'আসুন না একসঙ্গে কাজ করি' বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। পর্যবেক্ষকদের অনেকের মতে, শুধু দুর্নীতির অভিযোগ করে যে ভোটের নিরিখে বিশেষ লাভ হচ্ছে না, তা ভালই বুঝতে পারছে পদ্মশিবির। পরিবর্তে একের পর এক প্রকল্পের মাধ্যমে রাজ্য যেভাবে আরও বেশি মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছে দিচ্ছে, তাতে সময়ের সঙ্গে তৃণমূলের জন সমর্থনও বাড়ছে।
সংশ্লিষ্ট মহলের মতে, আবাসের প্রকল্পে রাজ্য এককভাবে ১২ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়ার প্রক্রিয়া শুরু করায় গ্রামাঞ্চলে তৃণমূলের জনভিত্তি আরও শক্তিশালী হবে। এটা আন্দাজ করেই সম্ভবত, উন্নয়নের প্রশ্নে বিজেপিও যে রাজ্যকে সহযোগিতা করতে চায় সেই বার্তা এদিন দিতে চেয়েছেন বিরোধী দলনেতা।
এদিন কেন্দ্রীয় বঞ্চনার প্রশ্নে শুভেন্দু বিধানসভায় বলেন, কেন্দ্র ৪.৬ লক্ষ কোটি টাকা কর বাবদ নিয়ে যায় আর ১.৬ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়। কেন্দ্র ৬.৪৮ লক্ষ কোটি টাকা রাজ্যকে দিয়েছে।
এছাড়া যে সব প্রকল্প টাকা আটকে রয়েছে তার জন্য রাজ্যকেই দায়ী করে শুভেন্দু বলেন, বহুক্ষেত্রে রাজ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি, প্রকল্পের নাম পরিবর্তন করেছে। শুভেন্দু এও বলেন, "আপনারা সমাধান চান নাকি সমস্যা জিইয়ে রাখতে চান?" এরপরই আরও ২০ লক্ষ বাড়ি তৈরির জন্য কেন্দ্রকে জানানোর প্রস্তাবও দেন তিনি।
একই সঙ্গে সদ্য সমাপ্ত উপ নির্বাচনের ফল নিয়েও এদিন বিধানসভায় মুখ খুলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "লোকসভা নির্বাচনে আমার জেলায় ১৬টার মধ্যে ১৫ টাতে বিজেপি লিড পেয়েছে। আপনাদের সাফ করে দিয়েছি। ওসব ৬-০ শোনাবেন না।"