
শেষ আপডেট: 18 December 2023 19:01
দ্য ওয়াল ব্যুরো: এক দেড় বছরের মধ্যে বাংলায় সরকার পরিবর্তন হবে বলে ফের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রকাশ্যে মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্য পুলিশের এক ওসিকে।
সোমবার বীরভূমের সাঁইথিয়ার ইউনিয়ন বোর্ড মোড়ে দলীয় সভা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেখান থেকে শুভেন্দুর হুঁশিয়ারি, “এক দেড় বছরের মধ্যে বিজেপি সরকার গড়বেই। সরকার বদলের পর গোঘাটের ওসি অরূপকুমার মণ্ডলকে ওই চাষির ঘরে নিয়ে গিয়ে পা ধুইয়ে ঘটিতে করে জল খাওয়াব।”
কী ঘটেছিল গোঘাটে? সরকারি ধান ক্রয় কেন্দ্রের বেনিয়মের প্রতিবাদে সম্প্রতি আরামবাগ-মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেছিলেন চাষিরা। বিরোধী দলনেতার অভিযোগ, “চাষিরা অরাজনৈতিকভাবে ওই আন্দোলন করেছিলেন। তবু গোঘাটের ওসি অরূপকুমার মণ্ডল চাষিদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিলেন।”
এরপরই ওসিকে চাষির পা ধুইয়ে ঘটিতে করে সেই জল খাওয়ানোর ঘোষণা করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর এমন হুঁশিয়ারি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে পুলিশের অন্দরেও। যদিও এ ব্যাপারে গোঘাটের সংশ্লিষ্ট ওসির প্রতিক্রিয়া মেলেনি।
এদিনের সভা থেকে শুভেন্দু অভিযোগ করেন, “কৃষকের ক্ষতিপূরণ সহ প্রতিটি প্রকল্পে এমন কোনও জায়গা নেই যেখানে লুঠ করেনি বাংলার সরকার। কৃষকের ভুয়ো অ্যাকাউন্ট খুলে ভারত সরকারের ৫ হাজার কোটি টাকা লুঠ করেছে। এখনও কয়লা,. বালি, পাথর লুঠ হচ্ছে। রাজ্যের সরকার পরিবর্তন না হলে এই লুঠ বন্ধ হবে না।” শুভেন্দুর আরও বলেন, “অনুব্রত, বালুরা জেলে গেছে। কেউ ছাড়া পাবে না। সবাইকে জেলে পাঠাবই।”