
শুভেন্দু অধিকারী ও শোভনদেব চট্টোপাধ্যায়।
শেষ আপডেট: 3 December 2024 15:15
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। তবে আগামী ৬ ডিসেম্বর বন্ধ থাকবে বিধানসভার অধিবেশন।
মঙ্গলবার বিধানসভার বিই কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অধিবেশনে বিষয়টি জানতে পেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানতে চান, 'কেন অধিবেশন বন্ধ করে দেওয়া হচ্ছে? কেউ কি মারা গিয়েছেন?'
শুভেন্দুর প্রশ্নের পর বিজেপি বিধায়করা কক্ষে 'জয় শ্রীরাম' স্লোগানও তোলেন। জবাবে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "যারা বিএ কমিটির বৈঠকে আসেন না। তাঁদের কথার কী জবাব দেব?"
শোভনবাবুর বক্তব্যের বিরোধিতা করে শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের বলতে শোনা যায়, কী কারণে বন্ধ সেটা তো বলতে হবে! পাল্টা হিসেবে শোভনবাবুও নিজের বক্তব্যে অনড় থাকেন। বস্তুত, রাজ্যের ডাকা প্রতিটি বয়কট বিরোধী দল বয়কট করে বলে আগেও বহুবার অভিযোগ করেছে শাসকদল। দু'পক্ষ পরস্পরের অবস্থানে অনড় থাকায় এদিন বিধানসভার মধ্যে তুমুল হই হট্টগোলও শুরু হয়ে যায়।
ওয়কফ নিয়ে এদিন বিধানসভায় দ্বিতীয় অর্ধে আলোচনা শুরু হয়েছিল। তখনই এই প্রশ্ন করেন বিরোধী দলনেতা।