.webp)
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 16 July 2024 20:24
দ্য ওয়াল ব্যুরো: ফের ভোট কারচুপির অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার এ ব্যাপারে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা।
পরে সংবাদমাধ্যমের কাছে বিরোধী দলনেতা বলেন, "সদ্য সমাপ্ত চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনেও বিস্তর ভোট কারচুপি করেছে তৃণমূল। ইভিএমে তৃণমূলের প্রতীক বাদে বাকিদের প্রতীকে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। এমনকী গণনা কেন্দ্রের ভিতরেও বিস্তর কারচুপি হয়েছে। তৃণমূলের এই ভোট কারচুপি বন্ধ করতে হলে প্রতিটি বুথ থেকে লাইভ করতে হবে।"
এ ব্যাপারে দেশের রাষ্ট্রপতি এবং জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গেও তাঁরা শীঘ্রই দেখা করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।
শাসকের সন্ত্রাসের শিকার হওয়া ১০০ জনকে নিয়ে এদিন রাজভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা। অভিযোগ, পুলিশ জোর করে তাঁদের আটকে দিয়েছে।
গোটা রাজ্যে হিন্দুদের ভোট আটকানো হয়েছে বলেও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে তৃণমূল। শুভেন্দু বলেন, "ওরা ২ কোটি ৭৫ লক্ষ ভোট পেয়েছে, আমরা ২ কোটি ৩৩ লক্ষ ভোট পেয়েছি। আমাদের ভোটের মধ্যে কোনও মুসলমান ভোট নেই। মমতার ভোটে অর্ধেক জল মেশানো, অর্ধেক মুসলমানের ভোট।"
রাজ্যপালের কাছেও এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "কোন ভারতে আমি বাস করছি, হিন্দু হলে ভোট দিতে পারবও না, সেটা সংবিধানের প্রধানকে বলেছি। ভোট কারচুপির তথ্য আমি সোশ্যাল মাধ্যমে তুলে ধরব।"
একসময় বামেদের বিরুদ্ধে ভোট কারচুপি ঠেকাতে 'ডু অর ডাই' স্লোগান তুলেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুভেন্দুর কণ্ঠে শোনা গিয়েছে সেই স্লোগান। তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনীকে যথাযথ ব্যবহার করা হয়নি। তবে এভাবে গণতন্ত্র লুট হতে দেব না। ডু অর ডাই, আমি এর শেষে দেখে ছাড়ব।"।