শুভেন্দুর বক্তব্য, “বিজেপি বোমা–বন্দুকমুক্ত নির্বাচন চায়। এখন বাসন্তী, তারপর গড়বেতা, ভাঙর—সব জায়গাতেই একই পরিস্থিতি তৈরি করতে চাইছে তৃণমূল।”
.jpeg.webp)
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 25 December 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক বৈঠকে একের পর এক ইস্যু তুলে রাজ্য সরকার ও তৃণমূল নেতৃত্বকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মাথাভাঙার রক্তপাত থেকে বাসন্তীর বিস্ফোরণ, মতুয়া মহলের উত্তেজনা থেকে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকা—সব ক্ষেত্রেই সরাসরি তোপ দাগলেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে আপাতত আন্দোলন স্থগিত রাখার কথাও জানান।
মাথাভাঙার ঘটনার প্রসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দুর দাবি, ওই বিধানসভা এলাকায় ‘গুরুতর’ ঘটনা ঘটেছে। দু’জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েক জন। তাঁর বক্তব্য, “এদের সাধারণ গ্রামবাসী বলা হলেও, দু’জনই বিজেপির কর্মী। হামলাকারীরা তৃণমূলের অনুগামী। মোট ১৩ জন মিলে আক্রমণ চালিয়েছে।”
তিনি অভিযোগ করেন, পুলিশ ঘটনাটিকে ‘অরাজনৈতিক’ বলে দেখানোর চেষ্টা করছে। হুঁশিয়ারির সুরে বার্তা দেন, “নিরপেক্ষ তদন্ত চাই। লুকোনোর চেষ্টা করলে পরিবারকে নিয়ে আমরা অন্য পথে হাঁটব।”
ভোটের মুখে বাসন্তীর বিস্ফোরণ নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর বক্তব্য, “বিজেপি বোমা–বন্দুকমুক্ত নির্বাচন চায়। এখন বাসন্তী, তারপর গড়বেতা, ভাঙর—সব জায়গাতেই একই পরিস্থিতি তৈরি করতে চাইছে তৃণমূল।” এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।
রাজ্য সরকারের নির্দেশিকা ও প্রশাসনের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর মন্তব্য, “WBCS আধিকারিকদের লোভ দেখানো হচ্ছে। সেই ফাঁদে পা দেবেন না। যাঁরা নির্দেশ দিচ্ছেন, তাঁদের অনেকেই কেন্দ্রীয় ক্যাডারের আইএএস।”
পরিযায়ী শ্রমিকদের মৃত্যু প্রসঙ্গে তৃণমূল ‘ভুল বার্তা’ দিচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। বলেন, “ওখানে আদিবাসী মুখ্যমন্ত্রী—খুব সংবেদনশীলভাবে বিষয়টি দেখা হচ্ছে। তৃণমূল রাজনীতি করছে।”
মতুয়া মহলের অশান্তি নিয়েও তৃণমূলকে কাঠগড়ায় তোলেন শুভেন্দু। তাঁর দাবি, “তৃণমূল হামলা করতে গিয়েছিল, শান্তনু ঠাকুর তা আটকান। হামলাকারীর কোনও জাত–ধর্ম নেই। ধর্মীয় পতাকা ব্যবহার করে অমর্যাদা করা হয়েছে।”
তৃণমূলের বহিষ্কার রাজনীতি নিয়েও তির্যক কটাক্ষ ছুড়ে বিরোধী নেতা বলেন, “দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ভোট এলেই বদলে যায়!” শওকত মোল্লা প্রসঙ্গে তাঁর মন্তব্য, “শওকত কে? মুখ্যমন্ত্রীর ভাষায়—বোম বাঁধে, বোম মারে।”
বাংলাদেশে নিহত দীপু দাসের প্রসঙ্গে শুভেন্দু জানান, কমিশন বৈঠকের আশ্বাস পাওয়ায় আন্দোলন আপাতত স্থগিত রাখা হয়েছে। তাঁর কথায়, “আমরা দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াতে চাই। ভাই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে—হিন্দু সমাজকে পাশে থাকার আবেদন করছি। আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব।”