
শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী।
শেষ আপডেট: 13 September 2024 18:20
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনকারী চিকিৎসকদের ওপর হামলার ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ এনেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এ ব্যাপারে একটি অডিও প্রকাশ করে কুণাল দাবি করেছেন, সরকার এবং তৃণমূলকে বিড়ম্বনায় ফেলে হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। একই সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বিজেপি-সিপিএম-নকশাল যোগের গুরুতর অভিযোগ এনেছেন শাসকদলের নেতা।
জবাবে কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে বিজেপি এবং সিপিএম শিবির থেকে। শুভেন্দু বলেন, "কেউ আন্দোলনকারীদের গায়ে হাত দিয়ে দেখুক না। কেশাগ্র স্পষ্ট করে দেখুক। তারপরে বুঝতে পারবেন।" সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, "মূল ঘটনার দিক থেকে নজর ঘোরাতেই এসব কথা বলা হচ্ছে। আসলে আরজি করের প্রতিবাদে যেভাবে মানুষ পথে নেমেছেন তাতে ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূল নজর ঘোরাতে চাইছে।"
আরজি করের ঘটনার প্রতিবাদে গত ১৪ অগস্ট রাত দখলের ডাক দিয়েছিল মেয়েরা। ওই দিন আরজি করে আন্দোলনকারীদের মঞ্চে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। এমনকী গত ৮ সেপ্টেম্বরও রাতের প্রতিবাদ মিছিলে রাজ্যের একাধিক জায়গায় হামলার অভিযোগ উঠেছিল।
ওই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, "কারা হামলা করেছে, কেন হামলা করেছে তা দিনের আলোর মতো পরিষ্কার। তবে একটা কথা বলে রাখছি, ডাক্তারদের অরাজনৈতিক মঞ্চে হামলা হলে মানুষ ছেড়ে কথা বলবে না।" এদিন নৈহাটিতে প্রতিবাদ মিছিলের কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেখানেই একথা বলেন শুভেন্দু।
অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "আরজি করে যেভাবে সরকারি উদ্যোগে প্রথম থেকেই খুন-ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে তা স্পষ্ট। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যেভাবে মানুষ পথে নেমেছে তাতে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে।"
একই সঙ্গে তিনি বলেন, "কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক না করে এই তথ্য পুলিশ প্রশাসনকে তুলে দিন। সরকারে তো ওরাই আছে। দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফতার করা হোক।"