
শেষ আপডেট: 8 January 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো: শুধু রেশন কেলেঙ্কারি নয়, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে ৩জনের দেহ লোপাটের অভিযোগও রয়েছে। ওই মামলা রি-ওপেন করতে চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর দাবি, "তিনজনের দেহ লোপাট করেও স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় রেহাই পেয়ে গিয়েছিলেন শাহজাহান। ওই মামলা রি-ওপেন করে সিবিআই বা এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে আর্জি জানিয়েছি।"
একই সঙ্গে বিরোধী দলনেতার দাবি, "সন্দেশখালির ২জন মহিলা সহ ৩টি পরিবারের ৯জন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের সেফ হাউসে রাখার ব্যবস্থা করেছি।"
২০১৯ সালের ৬ জুন সন্দেশখালিতে ৩ বিজেপি নেতাকে খুন করার অভিযোগ ওঠে। অভিযোগ, খুন করার পর তাঁদের দেহও লোপাট করে দেওয়া হয়েছিল। শুভেন্দুর অভিযোগ, ওই খুনের নেপথ্যে ছিলেন শাহাজাহান। পুলিশের সহযোগিতায় রেহাই পেয়ে গিয়েছিল।
গত শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের খোঁজে গিয়ে মার খেয়েছিলেন ইডির অফিসাররা। তিনজনের মাথা ফেটেছিল। তারপর থেকেই নিখোঁজ শাহজাহান।
শুভেন্দুর আশঙ্কা, "শাহজাহান নদীপথে বাংলাদেশ পালানোর চেষ্টা করছে।" রবিবারই বাংলাদেশের ভোটে ফের জয়ী হয়েছে হাসিনার সরকার। এ প্রসঙ্গে বিরোধী দলনেতার অভিযোগ, "বাংলাদেশে জয়ী হয়েছে বন্ধু সরকার। বাংলা থেকে বাংলাদেশেও রেশনের চাল, গম পাচার করা হত। তবে বাংলাদেশে পালিয়ে গেলেও দেশের গোয়েন্দারা শাহাজাহানকে ঠিকই ধরে আনবেন।"
এ ব্যাপারে রাজ্য পুলিশেরও তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, স্থানীয় থানার পুলিশ শাহজাহানকে আশ্রয় দিচ্ছে। সেদিন ইডি অফিসাররা আক্রান্ত হলেন। অথচ তাঁদের রক্ষা করার পরিবর্তে তাঁদের বিরুদ্ধেই পুলিশ মিথ্যে মামলা দিয়েছে।