
শুভেন্দু অধিকারী ও সন্দীপ ঘোষ।
শেষ আপডেট: 21 August 2024 16:29
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজি কর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে বিক্ষোভ কর্মসূচি করছে বিজেপি।
বুধবার ওই বিক্ষোভ মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, "আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কুকীর্তি জেনে যেতেই ওই ডাক্তারি চিকিৎসককে খুন করা হয়েছে।"
একই সঙ্গে খুনের ঘটনা ধামাচাপা দিতে রাজ্য নানাভাবে চেষ্টা করেছে বলেও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "ঘটনার দিন কারা কারা হাসপাতালের ডিউটিতে ছিলেন, ওই রাতেই সেই রোস্টার নষ্ট করে দেওয়া হয়েছিল।" শুভেন্দুর প্রশ্ন, "আরজি কর কাণ্ডে শুরু থেকেই রাজ্য তথ্যপ্রমাণে সচেষ্ট। কেন? কী আড়াল করার চেষ্টা হচ্ছে?"
বিরোধী দলনেতার আরও অভিযোগ, নির্যাতিতার পরিবারকে গান পয়েন্টে রেখে স্থানীয় কাউন্সিলর তাঁদের বলতে বাধ্য করেছিলেন যে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রয়েছে।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। কর্মীদের উদ্দেশে বিরোধী দলনেতা বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করব। পুলিশ প্ররোচনা তৈরি করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে। ওদের ফাঁদে পা দেবেন না।
আন্দোলনকারী পড়ুয়াদের দাবিকে সমর্থন জানিয়ে শুভেন্দু বলেন, মৃত ডাক্তারি পড়ুয়ার ময়না তদন্তের রিপোর্ট থেকে স্পষ্ট একা কারও পক্ষে এ ঘটনা ঘটানো অসম্ভব। আরও কেউ কেউ জড়িত রয়েছে। তাঁদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।