
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 12 September 2024 21:05
দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা পদমর্যাদার কোটায় প্রতি বছর বিধানসভায় তিন জনকে চাকরি দেওয়া যায়। সেই কোটায় বৃহস্পতিবার নন্দীগ্রামের নিহতের পরিবার-সহ তিনজনকে চাকরি দিলেন শুভেন্দু অধিকারী।
এরা হলেন, অভিজিৎ আড়ি, রূপালি মণ্ডল এবং সুজিত সরকার। গত লোকসভা নির্বাচনের সময়ে নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষে নিহত হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। তাঁরই নাতি অভিজিৎ আড়ি। অন্যদিকে গত পঞ্চায়েত নির্বাচনের সময়ে ডায়মন্ড হারবারে মৃত্যু হয়েছিল রূপালি মণ্ডলের স্বামী ভোলনাথের। দাড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছিল ২০১৮ সালে। ওইঘটনায় চাকরি পেলেন নিহত ছাত্রের ভাই সুজিত সরকার।
রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী হিসাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে তাঁদের। এই তিন জনকে বেতন দেবে রাজ্য সরকারই।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ২০১৮ সালের সেপ্টেম্বরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল। অবরোধকারীদের হঠাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল পুলিশকে। সে সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল রাজেশ সরকার এবং তাপস বর্মণ নামে দুই প্রাক্তন ছাত্রের। তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু সে সময় তৃণমূলে ছিলেন।
এদিন এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘দাড়িভিটের ঘটনার সময়ে আমি তৃণমূলে ছিলাম। কিন্তু সৌভাগ্যবশত, ওই পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার সুযোগ আমিই পেলাম।’’