
শেষ আপডেট: 15 March 2022 08:43
দ্য ওয়াল ব্যুরো: পানিহাটি ও ঝালদার দুই কাউন্সিলরের খুনের (Councilor Murder) ঘটনায় কোর্ট মনিটরিং সিবিআই তদন্তের কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu CBI)। মঙ্গলবার বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে এই কথা বলেন তিনি।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সোমবারই জানিয়ে রেখেছেন, তাঁরা চান কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত। সোমবার ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের পরিবারের সঙ্গে দেখা করার পর অধীর বলেন, আমরা আইনজীবীর সঙ্গে কথা বলব। শুধু সিবিআই তদন্ত চাইলেই হবে না। আদালতের পর্যবেক্ষণে তদন্ত হওয়া দরকার।
বিজেপির অভিযোগ দুই কাউন্সিলর খুনেই তৃণমূল যুক্ত। অধীর ঝালদায় দলীয় কাউন্সিলর খুনের ঘটনায় অভিযোগ করেন, বোর্ড দখলের লড়াইয়ে কংগ্রেসের সংখ্যা কমাতেই খুন করেছে তৃণমূল। তাঁর বক্তব্য, দুই নির্দল কাউন্সিলরের সমর্থনে কংগ্রেস বোর্ড গঠন করছে বুঝেই এই খুন। প্রসঙ্গত, ঝালদায় ১২ ওয়ার্ডের পুরসভায় পাঁচটি করে পেয়েছে কংগ্রেস ও তৃণমূল। দুটি জিতেছে নির্দলরা।
শুভেন্দু এদিন বলেন, মমতা বন্দ্যোধ্যায় সিবিআই তদন্তের দাবি মানবেন না। তাই দুই পরিবারকেই আমি পরামর্শ দেব, শোক কাটিয়ে উঠে আদালতে গিয়ে সিবিআই তদন্তের দাবি জানান। তদন্তে আদালতের নজরদারি চালানোর দাবি পেশ করার পরামর্শও দেন তিনি।
কাউন্সিলর খুনে পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, আইসি-কে ধরলে তিনি এসপি-র কথা বলবেন। এসপি - কে ধরলে তিনি বলবেন আইজি আইন শৃঙ্খলার কথা। তাঁকে ধরলে বলবেন ডিজি বলেছেন। ডিজিকে ধরলে তিনি হয়তো বলবেন মুখ্যমন্ত্রী বলেছেন।