
শেষ আপডেট: 24 January 2024 00:03
দ্য ওয়াল ব্যুরো: সোমবার অযোধ্যার নবনির্মিত রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেদিন ভিআইপি ছাড়া সাধারণের প্রবেশাধিকার ছিল না মন্দির চত্বরে। সেই অর্থে মঙ্গলবারই ছিল সর্বসাধারণের জন্য রাম দর্শনের প্রথম দিন।
মন্দির কমিটির হিসেব অনুযায়ী, প্রথম দিনেই দর্শনার্থীদের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। আগামী কয়েকদিন এই জন জোয়ার আরও তীব্রতর হবে বলেই মনে করা হচ্ছে।
সেই তালিকায় কে নেই, নেতা থেকে আমজনতা সবাই। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই বাংলা থেকেও অনেকেই অযোধ্যায় রাম দর্শনের পরিকল্পনা করছেন। সেই তালিকায় রয়েছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও!
এ ব্যাপারে শুভেন্দুর সরাসরি কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে দলীয় সূত্রের খবর, আগামী ১১ ফেব্রুয়ারি অযোধ্যা সফরে যাচ্ছেন বিরোধী দলনেতা। তবে একা নয়, তাঁর সফর সঙ্গী হবেন বাংলার বিজেপি বিধায়করা।
সূত্রের খবর, আগামী ১১ ফেব্রুয়ারি বাংলার বিজেপি বিধায়কদের নিয়ে অযোধ্যায় রাম দর্শনে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধী দলনেতার। ওই দিনই আবার তাঁরা সকলে কলকাতায় ফিরবেন।
একদিনের ঝটিতি সফর কেন? দলীয় সূত্রের খবর, ১১ ফেব্রুয়ারি রবিবার রয়েছে। তাছাড়া ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। বাজেটে যোগ দিতে বিজেপির উত্তর ও দক্ষিণের সমস্ত বিধায়করা বিধানসভায় আসবেন। রবিবার ছুটির দিন থাকায় বিমান পথে সেদিনই অযোধ্যা গিয়ে আবার ফিরে আসার পরিকল্পনা রয়েছে তাঁদের। কারণ, পরের দিন আবার বাজেট অধিবেশন রয়েছে রাজ্য বিধানসভায়।
বঙ্গ বিজেপির এক নেতার কথায়, "যেহারে মানুষের জনজোয়ার নেমেছে তাতে আগামী ১৫ দিনের আগে এই ভিড় কমার নয়। আবার লোকসভা ভোটও দোড়গড়ায়। তাই সবদিক বিবেচনা করেই রাম দর্শনের জন্য ১১ ফেব্রুয়ারি ঠিক করা হয়েছে।"