
শেষ আপডেট: 29 February 2024 17:39
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ফেরার তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেফতার করার ব্যাপারে বুধবার দুপুরে নিজের টুইটার হ্যান্ডেল থেকে বড় দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
টুইটে বিরোধী দলনেতা লিখেছিলেন, মঙ্গলবার মাঝরাতেই শাহজাহানকে হেফাজতে নিয়ে ফেলেছে পুলিশ । তাকে হেফাজতে নেওয়ার ক্ষেত্রে মিডলম্যান তথা মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করেছেন এক প্রভাবশালী। বিলাসে রাখা নিয়ে দর কষাকষি চলছে।
বৃহস্পতিবার সাত সকালে জেলা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে শাহজাহানকে গ্রেফতারের খবর জানানো হয়। অনেকেরই মতে, শুভেন্দুর খবর সঠিক ছিল। এদিন রাজকীয়ভাবে কোর্ট রুমে শাহজাহানের প্রবেশের পর শুভেন্দুর ওই দাবি আরও জোরাল হয়েছে। আবার অনেকের মতে, সবটাই কাকতালীয়।
এমন আবহে পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে আদালতের ছাড়পত্র নিয়ে বৃহস্পতিবার সন্দেশখালিতে গিয়েছিলেন শুভেন্দু। ততক্ষণে শাহজাহানের গ্রেফতারির খবর সামনে আসতেই সন্দেশখালির গ্রামে গ্রামে উৎসবে মেতে ওঠেন গ্রামবাসীরা।
সরবেড়িয়া, যেখানকার মার্কেটের নামই শেখ শাহজাহান, সেই মার্কেটের সামনে গাড়ি থেকে নেমে দোকান থেকে মিষ্টি কিনে সাধারণ মানুষকে খাওয়াতে দেখা যায় বিরোধী দলনেতাকে। নিজেও মিষ্টি খান। মিষ্টি বিলি প্রসঙ্গে বিরোধী দলনেতার কৌতূক, "একা খেতে নেই, সবাইকে দিয়ে খেতে হয়!"
শাহজাহানের নাম উল্লেখ না করে শুভেন্দু বলেন, "আমাকে কেউ একজন বলেছিল, এখানে এলে নাকি আমার ছাল আর চামড়া তুলে নেবে, আমাকে বান্ডিল করে কাঁথি পাঠিয়ে দেবে। ওই জন্য আমি সরবেড়িয়ায় এসে মিষ্টি খাচ্ছি!"
এদিন সড়বেড়িয়া বাজারের মানুষের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার বিষয়ে খোঁজখবর নেন। বলেন, "চিন্তা করবেন না। আমি আপনাদের সঙ্গে রয়েছি। ন্যায়ের জন্য লড়াই চলবে।"
পরে শাহজাহানের গ্রেফতারের প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, ‘‘এটা গ্রেফতার নয়, মিউচ্যুয়াল অ্যাডজাস্টমেন্ট। মোবাইল ফোন পাবে, বিলাসবহুলভাবে থাকবে- এই শর্তেই রফা হয়েছে।"