
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 27 November 2024 15:14
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ হাই কমিশনারের অফিস ঘেরাও করতে বিধানসভা থেকে রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা।
বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (Chinmoy Krishna Das Bramhachari) অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে আগেই এই কর্মসূচির কথা জানিয়েছিল গেরুয়া শিবির। অবিলম্বে ওই সন্ন্যাসীর মুক্তি না দিলে সোমবার থেকে পেট্রাপোল সীমান্তে অবরোধের ডাকও দিয়েছেন বিরোধী দলনেতা।
শুভেন্দু বলেন, "বাংলাদেশের হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার শুরু হয়েছে। এ জিনিস বরদাস্ত করা যাবে না। অবিলম্বে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির ব্যবস্থা না করা হলে সোমবার থেকে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনও পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেব না।"
একথা জানাতেই এদিন হাই কমিশনারের অফিস ঘেরাও করা হবে। বিজেপির তরফে তাঁকে এও বলা হবে, অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপর ঘটে চলা নির্যাতন বন্ধ করতে হবে।
শুভেন্দুর কথায়, "বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে, তাতে আমরা চিন্তিত, ব্যথিত। এই জিনিস আর বরদাস্ত করা হবে না।" বিষয়টি তিনি কেন্দ্রকেও জানিয়েছেন।
কোটা বিরোধী আন্দোলনের জেরে চলতি বছরের এপ্রিল থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। আন্দোলনের জেরে গত অগস্টে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশে গঠিত হয় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার। সেই সরকারের বিরুদ্ধে সেদেশের হিন্দুদের ওপর অত্যাচারে অভিযোগ উঠেছে।
সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ইউনুসের সরকার। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে বাংলাদেশের সরকারের প্রতি হিন্দুদের ওপর অত্যাচারের জোরাল অভিযোগ সামনে এসেছে।
জানা যাচ্ছে, বাংলাদেশ হাই কমিশনারের অফিসে যাওয়ার জন্য আগেই অনুমতি নিয়েছেন শুভেন্দুরা। ৭-৮জনের প্রতিনিধি দল সেখানে যাবেন। বাকিরা বাইরে থাকবেন।