
শেখ শাহজাহান এবং শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 15 April 2024 12:08
দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে সভা করেছেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে নিজের এক সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। শুভেন্দুর ইচ্ছার কথা জানতে পেরে রে রে করে উঠেছে শাসক শিবির। কটাক্ষ করা হচ্ছে তাঁকে। কী এমন ইচ্ছাপ্রকাশ করলেন শুভেন্দু অধিকারী?
বর্তমানে জেলবন্দি সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহান। এই মামলায় ইডি, সিবিআই দুই কেন্দ্রীয় সংস্থাই তদন্ত করছে। ধৃত তৃণমূল নেতা শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে এসেই হামলার কবলে পরেছিলেন ইডি আধিকারিকরা। এবার সেই বাড়িটিই কেনার ইচ্ছাপ্রকাশ করলেন শুভেন্দু অধিকারী! তিনি বলেন, ''শাহজাহান কোনও দিন জেল থেকে বেরতে পারবে না। ইডি, সিবিআই নিলাম করলে শেখ শাহজাহানের বাড়ি আমি কিনব।''
শুভেন্দুর আরও দাবি, শাহজাহানের ভাই এবং একাধিক তৃণমূল নেতার অবস্থাও তার মতোই হবে। একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করায় কেউই নিস্তার পাবে না। শুভেন্দুর এই বক্তব্যকে 'দম্ভ' বলে খোঁচা দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের কথায়, টাকা বেশি থাকলে যে কেউ যা ইচ্ছা কিনতে পারে। তাতে কারও কিছু বলার নেই। তবে এটা বোঝা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর দম্ভ অনেক বেশি বেড়ে গেছে।
কেন্দ্রীয় সংস্থার তদন্তে এই মুহূর্তে শাহজাহানের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। ইতিমধ্যেই তার প্রাসাদোপম বাড়ি-সহ বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তবে ইডি-সিবিআই তদন্তকে আগেই স্বাগত জানিয়েছেন খোদ সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত। শাহজাহানের কথা ছিল, তাঁরা তদন্ত করলে সবকিছুই খুব ভাল হবে।